সংবাদদাতা, গঙ্গারামপুর: কালীপুজো পর্যন্ত দেওয়া সময়সীমা শেষ। অবশেষে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে সরতে শুরু করল দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে থাকা ২২টি দোকান। হাসপাতাল কর্তৃপক্ষ ও গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ রায়ের নির্দেশের পর ব্যবসায়ীরা নিজেরাই দোকান ভেঙে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন।
জানা গিয়েছে, গত আগস্ট মাসে রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতাল চত্বর দখলমুক্ত করার বিষয়ে রেজোলিউশন নেওয়া হয়। এরপর গঙ্গারামপুর মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তবে ব্যবসায়ীদের আবেদনে বিধায়ক কালীপুজো পর্যন্ত সময় দেন। সেই সময়সীমা পেরোতেই এবার দোকান সরানোর কাজ শুরু হয়েছে। বাম আমল থেকেই হাসপাতালের সরকারি জমিতে দোকান গজিয়ে ওঠার অভিযোগ। পরবর্তী ১৫ বছরে তৃণমূল আমলে সেই দখল আরও বেড়েছে। অথচ প্রতিদিন হাসপাতালে রোগী ও তাঁদের পরিজনদের ভিড় বাড়লেও বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। হাসপাতালের পুকুরের চারপাশেও দোকান থাকায় পরিজনদের অবাধ চলাচল ব্যাহত হয়। এমনকী জরুরি বিভাগের সামনেও ছোটো গাড়ি দাঁড়িয়ে থাকছে। পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও সেখানে গাড়ি রাখার প্রবণতা কম। জরুরি বিভাগের সামনে দাঁড়িয়েই রোগী স্থানান্তরের জন্য ভাড়া ধরছেন গাড়িচালকরা। ফলে গুরুত্বপূর্ণ এই অংশেও যানজট ও ভোগান্তি বাড়ছে।
অতীতে স্বাস্থ্য দপ্তর, মহকুমা প্রশাসন ও পুরসভার যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বর দখলমুক্ত করার চেষ্টা হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার দোকান সরানোর কাজ শুরু হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ বলেন, দোকানদারদের সহযোগিতা নিয়েই কাজ হচ্ছে। আগের সরকারের আমলে শুধু রেজোলিউশন হয়েছে। দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ হয়নি। আগামী দিনে গঙ্গারামপুর হাসপাতাল জেলা হাসপাতালের রূপ পাবে। তাই রোগীর পরিজনদের বসার জায়গা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যেসব দোকানদার লিখিত আবেদন জানিয়েছেন, তাঁদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না, তা দেখব।



