আবাস যোজনায় বাড়ি বানানোর পর বাগান করতে মিলবে ২৭ হাজার টাকা, সৌর বিদ্যুৎ, শৌচালয়ের জন্যও পাওয়া যাবে টাকা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বাড়ি তৈরির পর উঠোনে ফুল কিংবা সবজি বাগান করার জন্যও টাকা মিলবে। এজন্য আবাস যোজনার উপভোক্তাদের ভিবি-জি রামজি প্রকল্পে ৯০ দিনের কাজ দেওয়া হবে। ওই কাজের মাধ্যমে বেনিফিশিয়ারি নিজের বাড়ির ভিতে মাটি দেবেন, উঠোনে বাগান করবেন কিংবা বাড়ির চারপাশে গাছগাছালি লাগাবেন। আর তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে মিলবে ২৭ হাজার টাকা। এখানেই শেষ নয়, উপভোক্তার বাড়িতে যদি শৌচালয় না থাকে, তা তৈরির জন্য দেওয়া হবে ১২ হাজার টাকা। আগে নিজের পকেট থেকে টাকা খরচ করে শৌচালয় বানাতে হত। তারপর সেই ছবি সরকারি পোর্টালে আপলোড করার পর স্বচ্ছ ভারত মিশন প্রকল্প থেকে টাকা মিলত। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে এখন শৌচালয় তৈরির জন্য আর নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোন মিলবে। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তা বাড়ি তৈরির পর যদি মনে করেন বিদ্যুতের জন্য সৌর প্যানেল বসাবেন, সেক্ষেত্রে তিনি পিএম সৌরঘর প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এজন্য সেই বেনিফিশিয়ারিকে ৬০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। শুক্রবার মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। 

Advertisement

পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান উপলক্ষ্যে এদিন মালদহ শহরের টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা সহ বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকরা। 
এদিন জেলার ২২ হাজার ৪৪৬ জন উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা জমা পড়ে। অনুষ্ঠান মঞ্চ থেকেও অনেক উপভোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ভাস্কর মজুমদার বলেন, আবাসের ঘরের জন্য কেউ যাতে কাটমানি না দেন, সেজন্য আমরা মাইকিং করছি। অডিয়ো ভিস্যুয়াল প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগের সরকারের আমলে মালদহে ৬৭ হাজার ১১৩ জন উপভোক্তা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। রাজ্যে পালাবদলের পর গত আগস্ট মাসে যাঁরা লিনটেল পর্যন্ত বাড়ি তৈরি করেছেন, এমন ৩৯ হাজার ৯১৫ জনকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। সবমিলিয়ে এদিন পর্যন্ত ৬৭ হাজার ১১৩ জনের মধ্যে ৬২ হাজার ৩৬১ জনকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হল। এক্ষেত্রে নতুন সরকার আসার পর মালদহে আবাসের উপভোক্তাদের মোট ৩৭৪ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হল। 
জেলা প্রশাসন সূত্রে খবর, আগের সরকারের আমলে আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, কিন্তু লিনটেল পর্যন্ত বাড়ি তৈরি না করায় সরকার পরিবর্তনের পর দ্বিতীয় কিস্তির টাকা পাননি, মালদহে এমন সংখ্যা ৪ হাজার ৭৫২ জন। তাঁরা যাতে প্রথম কিস্তির টাকায় নির্দিষ্ট মাপকাঠি পর্যন্ত দ্রুত বাড়ি তৈরির কাজ সম্পন্ন করেন, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।