বিজেপির নেতার মারে হাসপাতালে মণ্ডল সম্পাদক
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, খড়্গপুর: ক্ষমতায় আসার মাত্র ছ’ মাসের মধ্যেই গোষ্ঠীকোন্দলে জর্জরিত বিজেপি। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ভেমুয়া এলাকায় বিজেপির এক পদাধিকারীর মারে জখম হয়ে হাসপাতালে ভরতি হলেন মণ্ডলের সম্পাদক। গুরুতর জখম প্রবীণ ওই বিজেপি নেতার নাম তাপস বেরা। দ্রুত তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভরতি করেন তাঁর অনুগামীরা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের উপরই ছেড়েছেন তাপসবাবু অনুগামীরা তথা ওই মণ্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ফাটল মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতার। ভগবানপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক ঘনিষ্ঠ ওই নেতার নাম দুরন্ত জানা। তিনি ভগবানপুর-৩ মণ্ডল কমিটির প্রাক্তন সহসভাপতি। বুধবার রাতের ওই ঘটনায় দেবাশিস বর নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

দলীয় সূত্রে জানা যায়, আগামী রবিবার বিজেপির সবং ৩ নম্বর মণ্ডলের বিজয়া সম্মিলনি অনুষ্ঠিত হবে ভেমুয়া বাজারে। বিজয়া সম্মিলনি সফল করার জন্যই উঠেপড়ে লেগেছেন মণ্ডলের কার্যকর্তারা। মণ্ডলের এক কর্মী সুশান্ত দাস বলেন, ‘অভিযুক্ত ওই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় নানা অসামাজিক কাজকর্ম করার অভিযোগে তাঁকে বসিয়ে দেওয়া হয়। এদিন সকালে আমরা ভেমুয়া বাজারে যখন আলোচনায় ব্যস্ত ছিলাম, সেইসময় হঠাৎ এসে আমাদের মণ্ডল সম্পাদককে আক্রমণ করেন।’ যদিও, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, ভেমুয়া এলাকায় বিজেপির দু’টি গোষ্ঠীর নেতারাই ব্যবসায়ী এবং বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে টাকা তুলেছিলেন। আর তা নিয়েই বিরোধ বাধে। দিনকয়েক আগে ডেবরায় বিজেপি বিধায়কের আক্রান্ত হওয়ার পর, ফের সবংয়ের ঘটনায় শাসকদলের মুখ পুড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির জেলা সহসভাপতি অমূল্য মাইতি তা স্বীকার করে নিয়েই বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। জেলা সভাপতি তন্ময় দাস বলেন, আমরা খোঁজ নিচ্ছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, ভূপতিনগরের বিজেপি নেতা দুরন্তবাবুর ওয়াটার এটিএমের ব্যবসা রয়েছে। বুধবার রাতে তিনি চিড়াকুঠিতে থাকা সেই এটিএম মেশিনের ভিতর থেকে কয়েন বের করতে গিয়েছিলেন। তখনই দলেরই বিপক্ষ শিবিরের লোকজন তাঁকে ঘিরে ধরে রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত দুরন্তবাবু বলেন, আমি শান্তনু প্রামাণিক শিবিরের বিজেপি কর্মী। প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অনুগামীরা আমার উপর হামলা চালিয়েছে। প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথবাবু বলেন, চিড়াকুঠির ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। ভূপতিনগর থানার ওসি কাজল বর্মা বলেন, মারধরের ঘটনায় মোট ছ’জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।