নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করবেন। আদিবাসী দিবস উপলক্ষ্যে শহরের ঘোড়াধরা এলাকায় স্টেডিয়াম সেজে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য অনুষ্ঠানে তুলে ধরবেন।
ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ দুপুর ১২টা নাগাদ তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান চারদিন ধরে হবে। সেই উপলক্ষ্যে স্টেডিয়ামটি সাজিয়ে তোলা হয়েছে। লোধা, শবর, সাওঁতাল, মুন্ডা ও ভূমিজ সমাজের মানুষজন তাঁদের নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুষ্ঠানে তুলে ধরবেন। এছাড়া ট্রাইবাল লিটারারি মিটের আয়োজন করা হয়েছে। পুলিস প্রশাসনের, কৃষি, শ্রম, ক্রেতা সুরক্ষা, বনভূমি অধিকার, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো বিষয় নিয়ে আলোচনা শিবির হবে।
মুন্ডারী নৃত্য শিল্পী দুলাল সিং বলেন, আমাদের সমাজ এখনও তাদের নিজস্ব সংস্কৃতি গর্বের সঙ্গে রক্ষা করে চলছে। মুন্ডারী নৃত্যের নিজস্ব শৈলী আছে। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুন্ডারী নৃত্য অনুষ্ঠান আমরা তুলে ধরব।
ঝাড়গ্রাম আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক পার্থ দে বলেন, নবান্নের নির্দেশ এবছর বিশ্ব আদিবাসী দিবস চারদিন ধরে হবে। জেলার আদিবাসী সমাজের বিভিন্নস্তরের মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, বিশ্ব আদিবাসী দিবস আমাদের প্রাণের উৎসব। মুখ্যমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানের সূচনা করবেন যা আমাদের কাছে গর্বের। মুখ্যমন্ত্রী ভাষা, সংস্কৃতি রক্ষার লড়াইয়ের ডাক দিয়েছেন। জেলার আদিবাসী সমাজের মানুষ সংস্কৃতি রক্ষার মধ্যে দিয়ে সেই লড়াইয়ে শামিল হবে।