Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ বাছাই পর্ব: হার দিয়ে অভিযান শেষ আর্জেন্তিনা ও ব্রাজিলের

লিও মেসির অভাব ঢাকতে ব্যর্থ আর্জেন্তিনা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে হেরে মাঠ ছাড়ল লায়োনেল স্কালোনি ব্রিগেড। বুধবার অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের কাছে ০-১ গোলে বশ মানল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ বাছাই পর্ব: হার দিয়ে অভিযান শেষ আর্জেন্তিনা ও ব্রাজিলের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইকুয়েডর- ১         :    আর্জেন্তিনা- ০
বলিভিয়া- ১         :         ব্রাজিল- ০

Advertisement

কুইটো: লিও মেসির অভাব ঢাকতে ব্যর্থ আর্জেন্তিনা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে হেরে মাঠ ছাড়ল লায়োনেল স্কালোনি ব্রিগেড। বুধবার অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের কাছে ০-১ গোলে বশ মানল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোটা ম্যাচে ছন্নছাড়া দেখাল লাওতারো মার্তিনেজ-নিকো গঞ্জালেসদের। ম্যাচে প্রতিপক্ষ গোলের তিনকাঠির মধ্যে একটিও শট রাখতে ব্যর্থ আর্জেন্তিনা অ্যাটাকাররা। উল্টে ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকোলাস ওটামেন্ডি। সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে লিড নেয় ইকুয়েডর। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ এনার ভ্যালেন্সিয়ার। বিরতির পর লাল কার্ড দেখেন ইকুয়েডরের মোয়েজেস কাইসেডো। এই পর্বে লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্তিনা। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ জুলিয়ান আলভারেজরা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থানেই শেষ করল আর্জেন্তিনা।
এদিকে, কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে প্রথম হারের মুখ দেখল ব্রাজিল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বলিভিয়ার কাছে ০-১ গোলে বশ মানল সেলেকাওরা। বিজয়ী দলের একমাত্র গোলটি মিগুয়েল তেরসেরোস। উল্লেখ্য, বিশ্বকাপের বাছাই পর্বের ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ ফল ব্রাজিলের। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করল তারা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে দলের এই পারফরম্যান্স রীতিমতো চিন্তায় রাখছে অনুরাগীদের। একেই নেইমারকে বাদ বিতর্কে জড়িয়েছিলেন আনসেলোত্তি। আর বলিভিয়ার কাছে হারের পরই নেইমারকে দলে ফেরানোর দাবি তোলেন অনুরাগীরা। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দু’টি ম্যাচে কি নেইমারকে খেলানো হবে? জানতে আগ্রহী সাম্বা অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ