Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের অভিজ্ঞতা ভবিষ্যতের পাথেয়: দিব্যা

দিব্যা দেশমুখকে নিয়ে চর্চার শেষ নেই। মহিলাদের দাবা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন ভারতীয় তরুণী। অল ইন্ডিয়ান ফাইনালে কনেরু হাম্পিকে বশ মানান ১৯ বছরের দিব্যা।

বিশ্বকাপের অভিজ্ঞতা ভবিষ্যতের পাথেয়: দিব্যা
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: দিব্যা দেশমুখকে নিয়ে চর্চার শেষ নেই। মহিলাদের দাবা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন ভারতীয় তরুণী। অল ইন্ডিয়ান ফাইনালে কনেরু হাম্পিকে বশ মানান ১৯ বছরের দিব্যা। আন্তর্জাতিক দাবা সংস্থার সোশ্যাল সাইটে প্রকাশিত হয়েছে চ্যাম্পিয়নের ইন্টারভিউ। সাফল্যের রহস্য কী? দিব্যা বলেছেন, ‘ম্যাচের শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখা সত্যিই কঠিন। প্রতিটি গেমেই আলাদা পরীক্ষা। নতুন স্ট্র্যাটেজির লড়াই। চূড়ান্ত মনঃসংযোগ প্রয়োজন। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই দাবাড়ুদের চ্যালেঞ্জ।’

Advertisement

কোয়ার্টার ফাইনালে দিব্যার প্রতিপক্ষ ছিলেন ভারতেরই হারিকা। অনেকেই মনে করছেন, ওই জয়টাই টার্নিং পয়েন্ট। এরপর শেষ চারের লড়াইয়ে চীনের ট্যান ঝং হি’কে বশ মানান ভারতীয় দাবাড়ু। দিব্যা জানান, ‘যে কোনও মুহূর্তে বদলে যেতেই পারত ম্যাচের রং। টুর্নামেন্টে ওটাই আমার অন্যতম সেরা জয়।’ এরপর রুদ্ধশ্বাস খেতাবি লড়াই। হাম্পির অভিজ্ঞতা বনাম দিব্যার আগ্রাসন ঘিরে তীব্র কৌতূহল ছিল বিশেষজ্ঞদের। খেতাবি লড়াইয়ের প্রথম দু’টি গেম ড্র হওয়ার পর টাই-ব্রেকারে বাজিমাত নাগপুরের তরুণীর। দেশে ফিরে পান রাজকীয় সংবর্ধনা। তাঁর কথায়, ‘স্বপ্নের মতো সফর। আসলে বিশ্বকাপের প্রতিটা ম্যাচই অভিজ্ঞতায় অনন্য। ভবিষ্যতে এগিয়ে চলার পাথেয় এবারের চ্যাম্পিয়নশিপ।’ নিজের প্রতি তাঁর বিশ্বাসও অগাধ। বলেছেন, ‘আত্মবিশ্বাসই ভরসা জোগায়। এটাই সবচেয়ে বড় শক্তি।’ অনুশীলনের পাশাপাশি বই পড়া দিব্যার অভ্যাস। অবসরে হাতে তুলে নেন প্রিয় বই। সবমিলিয়ে আত্মসংযম ও অধ্যাবসায়ের প্রতিমূর্তি তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ