যুবভারতীতে ইতিহাস ইস্ট বেঙ্গলের, নায়ক জিকসন,  এসিএল টু’য়ে প্রথম জয় হাবাস ব্রিগেডের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-  ১   :      আল হুসেইন-০
(জিকসন)

Advertisement

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ইস্ট বেঙ্গল গ্যালারির প্রাচীন প্রবাদ—‘কত্তা, কোণঠাসা ইস্ট বেঙ্গলের লগে পাঙ্গা লইয়েন না। মাইরা কাইট্টা ফ্যালামু।’ সাতের দশক হোক বা ২০২৬—  অন্ধকারেই উজ্জ্বলতর হয় লাল-হলুদ মশাল। মঙ্গলবার যুবভারতীতে আল হুসেইনকে বশ মানিয়ে এসিএল টু’য়ে প্রথম জয় তুলে নিল হাবাস ব্রিগেড। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে মশাল বাহিনী। এসিএল টু’য়ে পরের রাউন্ডে পৌঁছানোর আশা জিইয়ে রাখার সঙ্গেই  ডার্বির আগে এক সিলিন্ডার অক্সিজেন জোগাড় করে নিলেন হাবাস। এদিন ড্যানি রামিরেজের শট পোস্টে প্রতিহত হয়। আল হুসেইন ফুটবলাররাও চারবার পোস্টে মারলেন। ম্যাচের পর ভিআইপি গ্যালারির সিঁড়ি বেয়ে নামছিলেন এক প্রবীণ সমর্থক। বলে গেলেন,‘ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। খারাপ সময় মনে হয় কেটে গেল।’ আগামী ৮ ডিসেম্বর ইরাকে আল শোর্তার বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল।
ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন হাবাস। স্ট্র্যাটেজি বদলে শুরুতে ৩-৫-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। এসিএল টু’য়ে এই প্রথমবার একসঙ্গে ৫ বিদেশি রইলেন প্রথম একাদশে। ৭ মিনিটে ইকোনমিডিসের সেন্টার পা ছোঁয়াতে পারলেন না ডেভিড। এই পর্বে সহজতম গোলের সুযোগ নষ্ট আল হুসেইনের হাতেমের। গতিতে লালচুংনুঙ্গাকে পরাস্ত করে ইস্ট বেঙ্গল গোলমুখে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে একা লাচেনপাকে পেয়েও জাল কাঁপাতে পারেননি। ২৭ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করলেন ডেভিড। ইকোনমিডিসের তুলোর মতো ভাসানো সেন্টার থেকে তাঁর দুর্বল ভলি বিপক্ষ গোলকিপারের হাতে জমা পড়ে।  এরপরেই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে গেল হাবাস ব্রিগেড। ক্যাপ্টেন্স ব্যান্ড পরা রশিদও সাদামাটা। শীতের বিকেলের মতো তাঁর ফর্মও ক্ষণস্থায়ী। মাঝমাঠ দাঁড়িয়ে পড়তেই রে রে করে আক্রমণে এল আল হুসেইন। আক্রমণের তোড়ে দিশাহারা জিভুলিচ। লেফট উইং ব্যাক জয় গুপ্তার পজিশন জ্ঞান শূন্য।  ৩৫ মিনিট পর আদমা মহম্মদের কর্নার সরাসরি পোস্টে প্রতিহত হয়। বলের ফ্লাইট বুঝতেই পারেননি লাচেনপা। বিরতির আগে  ইস্ট বেঙ্গলকে ঝাঁঝরা করেও গোল পেল না আল হুসেইন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও যুবভারতীতে মরুঝড়। ১০ মিনিটের স্পেলে দু’বার পোস্ট কাঁপালেন আরিফ হাতেম। অন্যদিকে, লোবার পাস থেকে রামিরেজের শটও সেই পোস্টে ধাক্কা খায়। তবে ইকোনমিডিসের বদলে বিপিনকে নামানোর সিদ্ধান্ত বোঝা দায়। ৬৫ মিনিটে ইউসেফ কুয়াশির শটও পোস্টে লাগে। কে জানত, নাটক অপেক্ষা করছে শেষ সময়ে। রশিদের কর্নার থেকে ছিটকে আসা বলে জাল কাঁপালেন জিকসন (১-০)। গ্যালারির ৪ হাজার দর্শকের গলায় তখন ৪০ হাজারের গর্জন। মিইয়ে থাকা লাল-হলুদ রাতারাতি চাঙ্গা।
ইস্ট বেঙ্গল: লাচেনপা, লালচুংনুঙ্গা, সন্দীপ, জিভুলিচ, জয়, জিকসন, রশিদ, রামিরেজ (বিষ্ণু), ইকোনমিডিস (বিপিন), লোবা (লুকাস) ও ডেভিড।