মিলান: লাল কার্ড দেখে রেফারির সঙ্গে বচসায় জড়াতে হামেশাই দেখা যায় ফুটবল মাঠে। তবে রাগের মাথায় ছুরি নিয়ে প্রতিপক্ষ কর্তার দিকে তেড়ে যাওয়ার ঘটনা বিরল। ইতালিয়ান ফুটবলের তৃতীয় ডিভিশন লিগে অ্যাথলেতিক পারতান্নার বিরুদ্ধে ম্যাচে এমনটাই ঘটালেন গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। গত রবিবার আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই চড়া মেজাজে এগতে থাকে খেলা। ম্যাচের গোড়ায় প্রতিপক্ষ বেঞ্চের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন সেই ফুটবলার। এরপর প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মার্চিং অর্ডার দেওয়া হয় তাঁকে। লাল কার্ড দেখে সোজা ড্রেসিং-রুমে চলে যান তিনি। সেখান থেকে ছুরি নিয়ে এসে তাড়া করেন প্রতিপক্ষের এক কর্তাকে। গোটা ঘটনার জেরে রেফারি খেলা বন্ধ করতে বাধ্য হন। এরপর সেই খেলোয়াড়কে আটক করে হেফাজতে নেয় পুলিশ। অ্যাথলেতিক পারতান্নার পক্ষ থেকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।



