ডার্বির টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন দাম ৩০০ টাকা!
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মর্যাদার ডার্বি। মঙ্গলবারই অনলাইনে শুরু হল টিকিট বিক্রি। সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। এছাড়া ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০ টাকার টিকিটও রয়েছে। ভিআইপি টিকিট পেতে হলে খরচ আরও বেশি। ২ হাজার টাকায় তা কিনতে পারেন দুই প্রধানের সদস্যরা। অতীতে এত চড়া দামে কখনও ডার্বির টিকিট কিনতে হয়নি ফুটবলপ্রেমীদের। তাই প্রশ্ন উঠছে, রবিবারের মেগা ম্যাচে গ্যালারি ভরবে তো? উল্লেখ্য, গত মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে চড়া দামে টিকিট বিক্রি করেছিল ফেডারেশন। সাধারণ মানুষের কাছে যা ছিল আকাশছোঁয়া। ফলে ম্যাচের দিন গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল। ডার্বির টিকিটের দাম দেখে সেই আশঙ্কাই দেখা দিয়েছে দুই প্রধানের অনুরাগীদের মনে।

Advertisement

আইএসএলের প্রথম বড়ো ম্যাচের আয়োজক ইস্ট বেঙ্গল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে মোহন বাগান কিছুটা হলেও এগিয়ে। টানা ৫টি ম্যাচ জিতে তারাই লিগ টেবিলের শীর্ষে। অন্যদিকে, আইএসএলে শেষ দু’টি ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছেন রশিদরা। স্বভাবতই সবুজ-মেরুন সমর্থকদের উৎসাহ চরমে। টিকিট বিক্রির প্রাথমিক ট্রেন্ডেও চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিচ্ছেন তারা। চলতি মরশুমে এখনও পর্যন্ত চারটি বড়ো ম্যাচ খেলেছে দুই প্রধানের সিনিয়র দল। ঘরোয়া লিগের ডার্বি ড্র হয়। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে পানোসের কাছে বশ মেনেছিলেন হাবাস। ফাইনালে অবশ্য গঙ্গাপাড়ের ক্লাবকে হারিয়েই ট্রফি জেতেন এডমুন্ডরা। অন্যদিকে, আইএফএ শিল্ডের খেতাবি লড়াইয়ে ইস্ট বেঙ্গলকে পরাস্ত করেছিল মোহন বাগান।