ক্রাইস্টচার্চ: পাঁচদিনে মাত্র ২৪ উইকেটের পতন। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের পিচ নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের অসন্তোষ চাপা থাকেনি। তবে শুক্রবার শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের পিচ একটু অন্যরকম হতে পারে। উইকেটে ঘাস আছে। পর্যাপ্ত বাউন্সও থাকবে বলে মনে করছেন কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল। তাঁর ধারণা, দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলের দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে।
প্রথম টেস্ট হেরে প্রবল চাপে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথও অনিশ্চত। এখন বাকি ছ’টি টেস্টই জেতা ছাড়া কোনো উপায় নেই। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় লাল বলের ম্যাচে অল-আউট যেতে চাইবে গিল বাহিনী। গত টেস্টে ভারত মাত্র এক স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। তা নিয়ে সমালোচনার মুখর প্রাক্তন ক্রিকেটাররা। তবে হ্যাগলি ওভালের পিচে বাড়তি বাউন্স থাকলে কোচ গৌতম গম্ভীর হয়তো কৌশল বদল করতে চাইবেন না। বরং পেস আক্রমণকে আরও শক্তিশালী করেই তিনি জয়ের জন্য ঝাঁপাবেন। খুব বেশি হলে মহম্মদ সিরাজদের প্রথম একাদশে অন্তর্ভুক্তি হতে পারে। বুমরাহ ভালো ফর্মে নেই। কম্বোজ, আকাশ দীপ, প্রসিদ্ধদের অভিজ্ঞতা তুলনায় কম। তাই সিরাজের কামব্যাক শুধু সময়ের অপেক্ষা। খুব সম্ভবত কম্বোজ বাদ পড়তে পারেন।
বেশ ভালো গরম পড়েছে ক্রাইস্টচার্চে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। পিচে ফাটল ধরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ওয়াশিংটন সুন্দরের জায়গায় অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার খেলার সম্ভাবনা থাকছে।



