Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুই মহারথীকে রেখেই বিশ্বকাপের ভাবনা শুরু

টেস্ট থেকে অবসরের পর রবিবারই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। তবে তাঁদের আসল লক্ষ্য অবশ্যই ২০২৭ বিশ্বকাপে খেলা।

দুই মহারথীকে রেখেই বিশ্বকাপের ভাবনা শুরু
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: টেস্ট থেকে অবসরের পর রবিবারই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। তবে তাঁদের আসল লক্ষ্য অবশ্যই ২০২৭ বিশ্বকাপে খেলা। সিডনিতে ওডিআই সিরিজের শেষ ম্যাচে রোহিতের দুরন্ত শতরান ও কোহলির ৭৪ রানের পরেও কাপযুদ্ধে ‘রো-কো’ জুটি নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর টনক নড়েছে থিঙ্কট্যাঙ্কের। পিঠ বাঁচাতে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপের ভাবনা শুরু করেছে তাঁরা। শুক্রবার টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল সাংবাদিক সম্মেলনে দুই মহারথীর ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে ওরা যদি প্রস্তুত থাকে তবে বিশ্বকাপে কেন নয়? আমার মনে হয় বিশ্বকাপের ধকল নিতে পারবে ওদের শরীর। ওদের দক্ষতা, অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন নেই। আর অভিজ্ঞতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। ওরা ট্রফি জিতেছে। জানে বড় আসরে কীভাবে খেলতে হয়। ওদের বিরুদ্ধে আমি প্রচুর ম্যাচ খেলেছি। মুখোমুখি হওয়ার আগে বিনিদ্র রাত কাটিয়েছি। জানি, ওদের বিরুদ্ধে খেলার আগে একজন বোলার কী মানসিক অবস্থার মধ্যে দিয়ে যায়। আমার মতে ওদের দু’জন তাই বিশ্বকাপে খেলতেই পারে।’ 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট-ওয়াশের ঝটকা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ এখন টিম ইন্ডিয়ার সামনে। শুক্রবার জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্লাড-লাইটে মহড়া সারলেন লোকেশ রাহুল, ঋষভ পন্থরা। পঞ্চাশ ওভারের সিরিজ নিয়ে মর্কেল বলেন, ‘টেস্ট ও ওয়ানডে ম্যাচের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। গত দু’সপ্তাহের হতাশা ভুলে এই সিরিজে নামতে হবে। একটা জয়ই ড্রেসিং-রুমের আবহাওয়া বদলে দেবে।’
সিরিজের প্রথম ম্যাচের বাইশ গজ নিয়ে ভারতের বোলিং কোচ বলেন, ‘উইকেট বেশ ভালো। বাউন্সের পাশাপাশি বলও ঘুরবে। তবে শীত আর শিশিরের সঙ্গে মোকাবিলা করতে হবে বোলারদের। বিশেষ করে স্পিনারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’ এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণারা নিজেদের প্রমাণ করার সুযোগ পেতে পাবেন। পাশাপাশি, শুভমান গিল ও শ্রেয়স আয়ার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন মর্কেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ