শিবাজী চক্রবর্তী, কলকাতা: আকাশে কালো মেঘের চাদর। টানা বৃষ্টিতে জবুথবু কলকাতা। শহরের মতো ইস্ট বেঙ্গলের মুডও থমথমে। আসলে ঝলমলে শুরুর পরেও মাঝ মরশুমে প্রবল চাপে হাবাস ব্রিগেড। এসিএল টু’য়ে পরের রাউন্ডে পৌঁছানোর আশা ক্ষীণ। আইএসএলেও গতিক ভালো নয়। শেষ ম্যাচে চেন্নাইয়ানের কাছে ৫ গোল হজম করেছেন গিলরা। তারপর আন্তর্জাতিক বিরতির জন্য বন্ধ ছিল টুর্নামেন্ট। ১২ দিনের ছুটি কাটিয়ে শুক্রবার ফের মাঠে নামছেন রশিদ, রামিরেজরা। যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এসসি দিল্লি। এর আগে ডুরান্ড কাপের শেষ চারে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার টাই-ব্রেকারে গিলের চওড়া গ্লাভস ফাইনালে পৌঁছে দেয় ডেভিডদের। তবে এবারের দিল্লি অনেক গোছানো। আইএসএলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও মুম্বইকে ৩-২ গোলে বশ মানান পেনা, হামতেরা। বৃষ্টিভেজা যুবভারতীতেও ইস্ট বেঙ্গলকে ঝটকা দিতে তৈরি তারা। লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। ম্যাচের আগে লাল-হলুদ সারথির মন্তব্য, ‘অজুহাতের জায়গা নেই। জিততেই হবে।’ তবে হাবাসের কাজ মোটেও সহজ নয়। চোট সমস্যায় নেই আনোয়ার। বাকিরা নির্ভরতা দিতে ব্যর্থ। অন্যদিকে পেনা, রড্রিগুইনহোরা রক্তের স্বাদ পাওয়া বাঘ। তাই জিভুলিচরা রক্ষণে খিল আঁটতে না পারলে সমস্যা বাড়বে।
বৃহস্পতিবার বিকেলে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে প্রস্তুতি সারল ইস্ট বেঙ্গল। ভারী মাঠে বেশিক্ষণ প্র্যাকটিসের ঝুঁকি নেননি হাবাস। স্যাফ কাপ জিতে ফেরা সন্দীপ মান্ডি ও বিষ্ণু এদিনই দলের সঙ্গে যোগ দিলেন। তাঁরা কি স্কোয়াডে থাকবেন? প্রশ্ন উঠতেই বিরক্ত হাবাস। বললেন, ‘নিউজিল্যান্ড থেকে একদিন আগে ফিরেছে জয়, ডেভিড। বৃহস্পতিবার সন্দীপরা এল। টানা খেলে সবাই ক্লান্ত। তার উপর সামনে ঠাসা সূচি। এভাবে দলকে ফিট রাখাই সমস্যা।’ হাবাসের যুক্তি ফেলে দেওয়ার নয়। সামনের ১৫ দিনে ডার্বি সহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। ঘরের মাঠে জর্ডনের আল হুসেইনকে সামলাতে হবে। সেক্ষেত্রে রোটেশন ফর্মুলা ব্যবহার করতে পারেন স্প্যানিশ কোচ। দিল্লির বিরুদ্ধেও প্রথম দল নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি। শুরুতে গোল না খেয়ে বিপক্ষ দুর্গে ফাটল ধরানোই থিঙ্কট্যাঙ্কের লক্ষ্য। মাঝমাঠে রামিরেজ, রশিদের সঙ্গে এডমুন্ড, বিপিনদেরও তৈরি রাখা হচ্ছে। কিন্তু বিদেশি লুকাস বা ইকোনমিডিসকে কি খেলানো হবে? আর কতদিন ডাগ-আউটের নিশ্চিন্ত আশ্রয়ে সময় কাটাবেন ওঁরা?
ম্যাচ শুরু বিকেল ৫টায়।
সম্প্রচার ইউটিউব ও সোনি স্পোর্টসে।



