মিগুয়েলকে নিয়ে ধীরে চলো নীতি পানোসের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুম শুরুতে তাঁর দল বদল নিয়ে চলেছিল জোর চর্চা। সদ্য আইএসএল জয়ী ইস্ট বেঙ্গল থেকে মিগুয়েলকে ছিনিয়ে নিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান। তবে সবুজ-মেরুন জার্সিতে শুরুটা মোটেই সুখের হয়নি ব্রাজিলিয়ান মিডিওর। চোটের কারণে সিংহভাগ সময় মাঠের বাইরে কাটাতে হচ্ছে তাঁকে। তবে আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে দ্রুত সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন তিনি। দু’দিন বল পায়ে অনুশীলন করেছেন। সামনে চার্চিল ম্যাচ। কোচ পানোস অবশ্য ব্রাজিলিয়ান প্লে-মেকারকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। চার্চিল ম্যাচের পরই রয়েছে মর্যাদার ডার্বি। সেখানে ফিট মিগুয়েলকে পেতে চায় বাগান টিম ম্যানেজমেন্ট। তাই গোয়ায় মিগুয়েলের খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলনের পরই ব্রাজিলিয়ান মিডিওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গ্রিক কোচ।

Advertisement

আইএসএলের প্রথম ম্যাচেই নর্থ ইস্টের কাছে হারের মুখ দেখেছিল মোহন বাগান। তবে সেই ধাক্কা কাটিয়ে টানা চারটি জয়ে আপাতত লিগ শীর্ষে ম্যাকলারেনরা (৫ ম্যাচে ১২ পয়েন্ট)। রবিবার অ্যাওয়ে ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁদের। চলতি মরশুমে আইএসএলে প্রমোট হয়েছে গোয়ার ক্লাবটি। প্রথম ম্যাচ জয়ের পর টানা তিনটি হারের মুখ দেখেছে তারা। তাই ঘরের মাঠে মোহন বাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে মরিয়া চেষ্টা চালাবে চার্চিল, তা ভালোই জানেন বাগান কোচ। সেই মতো প্রতিপক্ষকে চাপে রাখতে শুরুতেই গোল চাইছেন পানোস। সাময়িক জড়তা কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছেন ম্যাকলারেন। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। তবে চার্চিলের বিরুদ্ধে আপফ্রন্টে আরও একবার লি আরউইনের উপরই আস্থা রাখছে থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে মাঠে নামবেন অজি তারকা।