ওয়েলিংটন: ব্যাটসম্যানরা ম্যাচ ড্র করাতে পারে, কিন্তু ম্যাচ জেতায় বোলাররা! ক্রিকেটের প্রাচীন প্রবাদ এটাই। টেস্ট ক্রিকেটে যা আরও বেশি প্রযোজ্য। আর সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই চার পেসারে খেলার ঘোষণা করেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। বৃহস্পতিবার বেসিন রিজার্ভ দেখল, তারমধ্যে একজনেরই ক্ষমতা আছে ম্যাচের গতিপথ বদলানোর। কিন্তু যশপ্রীত বুমরাহর পক্ষে তো আর দু’প্রান্ত দিয়ে একইসঙ্গে বল করা সম্ভব নয়। যার ফলে, বুমরাহর আগুনে বোলিংয়ে ধুঁকতে থাকা কিউয়িরাও দিনের শেষে স্বস্তিতে। বাকি তিন পেসার যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ ফ্যাকাশে।
টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। দ্বিতীয় বলেই ঝটকা দেন বুমরাহ। ছিটকে দেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের স্টাম্প। এরপর অংশুল কম্বোজের বলে কনওয়ের খোঁচা ধরা পড়ে কিপারের গ্লাভসে। রাচীন রবীন্দ্র বেশিক্ষণ থাকেননি। আকাশ দীপের বলে তাঁর ক্যাচ ধরেন পন্থ। ৫১ রানে তিন উইকেট, নিউজিল্যান্ড তখন রীতিমতো অস্বস্তিতে। তারপর ড্রেসিং-রুমে ফিরলেন ড্যারিল মিচেল। লাঞ্চের পর কিছুক্ষণের মধ্যেই আবার ধাক্কা। এবার গেলেন টম ব্লান্ডেল। এই দুটো উইকেটই বুমবুমের। হোমটিম তখন কাঁপছে। ৭০ রানে পড়েছে পাঁচ উইকেট। খোঁজাখুঁজি শুরু নিউজিল্যান্ডের টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড নিয়ে। একশোও পেরতে পারবে কিনা স্কোর, ফিসফাস মাঠে। কে ভেবেছিল, খাদের কিনারা থেকেই ঘুরে দাঁড়াবে তারা। সারাদিন পড়বে না আর একটাও উইকেট। উলটে উঠবে আড়াইশোর কাছাকাছি রান। এবং সকালের ধাক্কা সামলে বড়ো ইনিংসের পথে এগিয়ে সফরকারী দলকেই চ্যালেঞ্জ ছুড়বে লাথাম ব্রিগেড!
ক্রিকেট এজন্যই চরম অনিশ্চয়তার খেলা। ঠিক যখন কোণঠাসা নিউজিল্যান্ড, তখনই বোলারদের দেখাতে লাগল নিষ্প্রভ। আর হেনরি নিকলসের ব্যাট হয়ে উঠল ক্রমশ চওড়া। জন রাইট আর ব্রেন্ডন ম্যাকালামের মতোই টেস্টে এক ডজন শতরান করে ফেললেন তিনি। গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে নিকোলস যোগ করলেন ১৭৩ রান। যা পালটে দিল ম্যাচের চেহারা। দিনের শেষে সেঞ্চুরির থেকে করমর্দনের দূরত্বে ফিলিপস (৯৪ ব্যাটিং)। আর নিকোলস খেলছেন ১১৩ রানে। অবশ্য তিন অঙ্কের রানে পৌঁছানোর পরই ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু পন্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তা ফসকান দেবদত্ত পাদিক্কাল।
কখনও হাফ-ভলি, কখনও বেশি শর্টপিচ, কৃষ্ণাকে বেমানান দেখাল আগাগোড়া। অবশ্য একা প্রসিদ্ধই হতাশ করেননি। প্রথম সেশনের পর বলের গতির সঙ্গে ঝাঁঝও হারিয়েছেন কম্বোজ। শুধু সিরাজ নয়, রবীন্দ্র জাদেজাকেও এদিন এগারোর বাইরে রেখেছে ভারত। উলটোদিকে বাঁ-হাতি ব্যাটারের সংখ্যা বেশি, তাই ভরসা রাখা হয় ওয়াশিংটন সুন্দরের উপর। কিন্তু এক বাঁ-হাতি, নিকলসই যে ভারতের সামনে প্রাচীর হয়ে উঠলেন। সুন্দরকে খেলিয়ে তাহলে লাভটা কী হল!
স্কোরবোর্ড- নিউজিল্যান্ড প্রথম ইনিংস: টম লাথাম বো যশপ্রীত বুমরাহ ০, ডেভন কনওয়ে ক ঋষভ পন্থ বো অংশুল কম্বোজ ৪, হেনরি নিকলস ব্যাটিং ১১৩, রাচীন রবীন্দ্র ক ঋষভ পন্থ বো আকাশ দীপ ১৫, ড্যারিল মিচেল ক যশস্বী জয়সওয়াল বো যশপ্রীত বুমরাহ ১, টম ব্লান্ডেল ক শুভমান গিল বো যশপ্রীত বুমরাহ ৫, গ্লেন ফিলিপস ব্যাটিং ৯৪, অতিরিক্ত ১১, মোট (৮২ ওভারে) ২৪৩-৫। উইকেট পতন: ১-২, ২-১২, ৩-৫১, ৪-৫২, ৫-৭০। বোলিং: যশপ্রীত বুমরাহ ১৭-৫-৫২-৩, অংশুল কম্বোজ ১৮-৪-৫৭-১, আকাশ দীপ ১৫-৫-৩৩-১,প্রসিদ্ধ কৃষ্ণা ১৬-২-৫৮-০, ওয়াশিংটন সুন্দর ১৬-২-৩৮-০।



