নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রায় দু’বছর পর জেলায় আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার দুপুর ১টা নাগাদ শালতোড়া কলেজ ময়দানে অভিষেক সভা করবেন। ওই সভায় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র জয়ের ‘টার্গেট’ বেঁধে দিতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূল আশানুরূপ ফল করতে পারেনি। এই জেলার ১২টি বিধানসভার মধ্যে শাসক দল মাত্র চারটিতে জয় পেয়েছিল। বাকি ৮টি দখল করেছিল বিজেপি। ফলে এবার ১২টি বিধানসভায় জয়ের লক্ষ্যে তৃণমূল আদাজল খেয়ে ময়দানে নামবে বলে নেতারা জানিয়েছেন। শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অলকা সেনমজুমদার, শালতোড়া ব্লক সভাপতি সন্তোষকুমার মণ্ডল সহ অন্যান্যরা সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলা তৃণমূল চেয়ারম্যান বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। জেলায় এবার প্রতিটি বিধানসভাতেই আমরা ভালো ফল করব।
উল্লেখ্য, জঙ্গলমহলের তিনটি কেন্দ্র রানিবাঁধ, রাইপুর ও তালডাংরা এবং বাঁকুড়া সদর মহকুমার বড়জোড়া বিধানসভায় গতবার তৃণমূল জয় পেয়েছিল। এবার ওই চার কেন্দ্র ধরে রাখার ব্যাপারে তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসী। যদিও তৃণমূলের দখলে থাকা বিধানসভার কিছু জায়গায় দলের সংগঠন দুর্বল রয়েছে। গোষ্ঠীকোন্দলের জেরে সেখানে সাবোতাজের আশঙ্কা রয়েছে। নেতাদের দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে কর্মীরাও হতাশ হয়ে পড়েছেন। ফলে ভোটের মাস তিনেক আগে অভিষেকের ভোকাল টনিক তাঁদের একজোট ও চাঙ্গা করবে বলে ঘাসফুল শিবির মনে করছে।
অভিষেকের সভায় লোক নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের তরফে প্রচুর বাস তুলে নেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শেষ কাজের দিনে বের হয়ে বাঁকুড়াবাসীকে বাসের অভাবে নাকাল হতে হবে বলে মনে করা হচ্ছে। বাঁকুড়ার পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকেও কিছু বাস নেওয়া হচ্ছে। ফলে পড়শি ওই দুই জেলাতেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। অভিষেকের সভার জন্য শালতোড়া ও আশাপাশের ব্লক এলাকায় রাস্তাঘাটে পুলিশ মোতায়েন করা হচ্ছে। কিছু রুটে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সভার বাস সহ অন্যান্য ছোট গাড়ির কারণে রাজ্য ও জাতীয় সড়কে যানজট হতে পারে। ফলে হাতে সময় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাতে সকলে রওনা হন, সেব্যাপারে পুলিশ আধিকারিকরা অনুরোধ করেছেন। জেলা তৃণমূল চেয়ারম্যান বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে সভাস্থলে আসবেন। সভা সেরে তিনি ফের আকাশপথেই ফিরে যাবেন। জেলার বাসিন্দাদের ভোগান্তি কমাতে আমরা ভিন জেলা থেকে বাস ভাড়া করেছি।