অবশেষে শুরু হচ্ছে ময়নাগুড়ি পুরসভার নিজস্ব ভবন তৈরির কাজ
  • ২০ নভেম্বর, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে নিজস্ব ঠিকানা পেতে চলেছে ময়নাগুড়ি পুরসভা। আগামী সোমবার থেকে পুরসভার নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হতে চলেছে। শুক্রবার এ কথাই জানালেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার সরোজ কুমার গুপ্তা। জানা গিয়েছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে পুরসভার নিজস্ব ভবনটি। ময়নাগুড়ি গার্লস স্কুলের সামনে বরাদ্দ জমিতে এই ভবন গড়ে উঠবে।

Advertisement

প্রায় পাঁচ বছর হতে চলল ময়নাগুড়ি পুরসভার বয়স। বর্তমানে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের একটি বাড়ি ভাড়া নিয়ে চলছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম। এ জন্য প্রতি মাসে পুরসভার তহবিল থেকে গুণতে হচ্ছে ১০ হাজার টাকা। তার মধ্যে ওই স্থানটি প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় পরিষেবা নিতে আসা লোকজনের কোলাহলে কাজ করতে বাধ্য হচ্ছেন পুরকর্মীরা।  ময়নাগুড়ি পুরসভার নিজস্ব দুতলা ভবনটি তৈরি হয়ে গেলে পরিষেবার মান আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।