Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতন বৃদ্ধির দাবিতে পানাগড়ের কারখানায় কর্মীদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে পানাগড়ের কারখানায় কর্মীদের বিক্ষোভ
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বেতন কাঠামো পরিবর্তন, সঠিক বেতন দেওয়া সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার পানাগড় শিল্প তালুকের একটি পাইপ কারখানায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। কারখানার গেট আটকে শতাধিক শ্রমিক এদিন সকালে বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে অকুস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিস। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করার পরও বেতন কাঠামোর কোনও পরিবর্তন হচ্ছে না। অদক্ষ করেই রেখে দেওয়া হচ্ছে শ্রমিকদের। বিক্ষোভরত শ্রমিক সুমন নন্দী বলেন, আমরা ২৬ দিন ডিউটি পাই না। কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে ছেলে এনে কাজ করাচ্ছে। স্থানীয়দের কাজে নিচ্ছে না। আমরা চাই প্রতিদিন ডিউটি এবং পিএফ, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ-সুবিধা। 

Advertisement

এদিন গেটে শ্রমিকদের বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষের বেশ কয়েকজন আধিকারিক ঢুকতে গিয়ে বাধা পান। শ্রমিকদের অভিযোগ, মাসে ২৬টা ডিউটি পাওয়া যাচ্ছে না। অনেক সময় ২০টা বা তার কম ডিউটি দেওয়া হচ্ছে। ফলে বেতন পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে হচ্ছে। এত অল্প টাকায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অথচ বাইরে থেকে লোক এনে কারখানায় কাজ করানো হচ্ছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত শিল্পাঞ্চলেই শ্রমিকদের একই পরিস্থিতি। শ্রমিকদের দিকে শাসক দলের নজর নেই। বিজেপি নেতা রমন শর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে দীর্ঘ প্রতীক্ষার পর কারখানার উদ্বোধন করেছেন। কিন্তু রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ কতটা রয়েছে বারবার তার প্রমাণ করছে পানাগড়। যদিও কাঁকসার তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ রয়েছে বলেই শিল্পপতিরা এখানে শিল্প স্থাপনের উদ্যোগী হচ্ছেন। আমাদের আমলে কোথাও শ্রমিক ধর্মঘট হয়নি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ