Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মেচি নদীতে ১২ কোটির বোল্ডার বাঁধের কাজ থমকে, এবারও জলমগ্ন হওয়ার শঙ্কা নেপাল সীমান্তের গ্রামে

নকশালবাড়ির মেচি নদীতে বোল্ডার বাঁধের কাজ বহুদিন ধরে থমকে রয়েছে। নেপাল সীমান্তে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ কাজ শুরু হলেও সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।

মেচি নদীতে ১২ কোটির বোল্ডার বাঁধের কাজ থমকে, এবারও জলমগ্ন হওয়ার শঙ্কা নেপাল সীমান্তের গ্রামে
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির মেচি নদীতে বোল্ডার বাঁধের কাজ বহুদিন ধরে থমকে রয়েছে। নেপাল সীমান্তে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ কাজ শুরু হলেও সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। একাধিক জায়গায় কাজ অসমাপ্ত অবস্থায় এখনও। 

Advertisement

সেচদপ্তরের উদ্যোগে ২০২০ সালের ডিসেম্বর মাসে নকশালবাড়ি ব্লকের মানঝা থেকে খড়িবাড়ি ব্লকের মদনজোত পর্যন্ত মেচি নদীর তীরে চার কিমি বোল্ডার বাঁধ তৈরির কাজ শুরু হয়। গোটা প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল মেচি রিভার প্রোটেকশন স্কিম। বাঁধটি সংরক্ষণের জন্য পাথরের পিচিং সহ প্রায় ১৪ ফুট রাস্তাও তৈরি হয়। যাতে এসএসবি খুব সহজেই বাঁধের উপর দিয়ে যানবাহন নিয়ে টহলদারি চালাতে পারে। 
গোটা প্রকল্পটির জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। কাজটি কিছু জায়গায় হলেও কিলারাম, সুরজবর, বড় মণিরামজোতে এসে থমকে যায়। যার ফলে প্রতিবছর বর্ষা এলেই সংশ্লিষ্ট এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ছে। পুরো প্রকল্পটির কাজ বছর দু’য়েক ধরে বন্ধ হয়ে আছে। তাই এবারও বর্ষায় সীমান্তের একাধিক গ্রাম ডুবে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। এনিয়ে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজকে একাধিকবার টেলিফোন করা হলে তিনি সাড়া দেননি। মেসেজেরও উত্তর দেননি। 
শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিংহল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখে এনিয়ে সেচদপ্তরের সঙ্গে কথা বলব। একেই সুরে কথা বলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ওই প্রকল্পটি রাজ্য সরকার করেনি। কেন্দ্রের প্রকল্প। এজন্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে পারব না। যদিও শিলিগুড়ি সেচদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্যামল মণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ