সংবাদদাতা, কান্দি: কেউ কাজ করেনি। না পঞ্চায়েত না ব্লক প্রশাসন। ফলে প্রায় গত এক বছর ধরে গ্রামের বড়ো নালা সাফাই না হওয়ায় স্থানীয় মানুষ নাকাল হচ্ছেন। ফলে নিকাশি ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে এলাকায় ছড়াচ্ছে রোগভোগ। এমনই দাবি করছেন বড়ঞা ব্লকের পাঁচথুপী গ্রামের বাসিন্দাদের একাংশ। ফলে ওই এলাকার প্রায় এক হাজার পরিবার তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি। যদিও বড়ঞা ব্লক প্রশাসনের এক অফিসারের কথায়, দ্রুত ওই নালার সংস্কার করার চেষ্টা হবে। পাশাপাশি ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি দলও সেখানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখবে। বাসিন্দারা জানান, ওই গ্রামের পাশ দিয়ে একটি বড়ো নিকাশি খাল গিয়েছে। ওই নিকাশি খালে যুক্ত হয়েছে গ্রামেরই একটি বড়ো নালা। যাকে গ্রামের অনেকে ভগরপুকুর নালাও বলে থাকেন। ওই নিকাশি নালা দিয়ে গ্রামের বাজারপাড়া, বাওনাপাড়া, আঁছোয়াপাড়ার বর্ষার জল নিকাশি হয়ে থাকে। গ্রামের প্রায় এক হাজার পরিবারের নিকাশি ব্যবস্থা এই নালার উপর নির্ভরশীল।



