Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে পাঁচ কোটি বরাদ্দ শুভেন্দুর

কয়েকদিন আগে শিবভক্তদের জন্য তারকেশ্বরে কপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়েছিল। এবার সেই একই দৃশ্য দেখা যাবে তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে পাঁচ কোটি বরাদ্দ শুভেন্দুর
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: কয়েকদিন আগে শিবভক্তদের জন্য তারকেশ্বরে কপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়েছিল। এবার সেই একই দৃশ্য দেখা যাবে তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। তাঁদের উপর হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি। সেই সঙ্গে পুণ্যার্থীদের জন্য চালানো হবে বিশেষ ট্রেন ও বাস। প্রতি পাঁচ কিমি অন্তর থাকবে সহায়তা ক্যাম্প। সব মিলিয়ে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠকে অন্যভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আর তার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫ কোটি টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার রামপুরহাটে প্রশাসনিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, ‘মা তারার আশীর্বাদে এই সরকার গঠিত হয়েছে। বীরভূমকে আমরা মা তারা, বাউল, রবীন্দ্রনাথ এবং ঐতিহ্য-সংস্কৃতির জেলা হিসাবে গড়ে তুলব।’

Advertisement

এদিন দুপুর পৌনে ১টা নাগাদ মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে পৌঁছান। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু মানুষ তাঁকে স্বাগত জানায়। মন্দির কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে মা তারার প্রতিকৃতি তুলে দেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রী দেবীকে শাড়ি ও মালা পরিয়ে আরতি নিবেদন করেন। পুণ্যার্থীদের জন্য তারাপীঠে সরকারি ট্যুরিস্ট লজ নির্মাণের নির্দেশও দিয়েছেন তিনি। 
সম্প্রতি তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দেন শুভেন্দু। তিনি বলেন, ‘ভাবতে অবাক লাগে, যাত্রীরা হোটেল ভাড়া না দিয়ে সকালে যাতে পালিয়ে যেতে না পারে, তার জন্য বেরনোর মূল গেটের বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। কোনো অবস্থাতেই হোটেলের ইমারজেন্সি গেটে তালা লাগানো যাবে না।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর বন্ধ থাকা ১৫টি হোটেল নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। তাঁরা যাতে সুরক্ষাবিধি মেনে ফের হোটেল চালাতে পারেন, তা দেখা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
এছাড়া, মহকুমা হাসপাতালগুলিতে দ্রুত এমআরআই পরিষেবা চালু এবং বিপিএইচসিগুলির পরিকাঠামো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্নার গ্যাস, ফ্যান ও শৌচাগারের যথাযথ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। খড়্গপুর-মোড়গ্রাম জাতীয় সড়কের জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করতেও বলেছেন শুভেন্দু। 
এদিনের বৈঠকে তৃণমূলের দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল এবং সব বিরোধী বিধায়ককেও ডাকা হয়েছিল। বিরোধী বিধায়করা মিথ্যা কেস দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘এর কোনো সুযোগ নেই। তবে কেউ চুরি করে থাকলে শাস্তি তাকে পেতেই হবে।’ মুখ্যমন্ত্রী গাড়িতে ওঠার সময় জেলার প্রাক্তন সভাধিপতি কাজল শেখ কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেন। মুখ্যমন্ত্রী এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ