Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা দলকে ২৫ লক্ষ টাকা পুরস্কার, ইস্ট বেঙ্গলে জমকালো উৎসব

বড়দিনে আলোঝলমলে পার্ক স্ট্রিট উৎসবে মাতোয়ারা। কয়েকশো মিটার দূরে ইস্ট বেঙ্গলেও ফেস্টিভ মুড।

মহিলা দলকে ২৫ লক্ষ টাকা পুরস্কার, ইস্ট বেঙ্গলে জমকালো উৎসব
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনে আলোঝলমলে পার্ক স্ট্রিট উৎসবে মাতোয়ারা। কয়েকশো মিটার দূরে ইস্ট বেঙ্গলেও ফেস্টিভ মুড। কয়েকদিন আগেই মহিলাদের স্যাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা দলকে সংবর্ধনা জানাল টিম-ম্যানেজমেন্ট। উপহারস্বরূপ ক্লাবের পক্ষ থেকে লাল-হলুদ উত্তরীয় ও শতবার্ষিকী কয়েন ছাড়াও ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় কোচ, ফুটবলারদের হাতে। ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি শুভেচ্ছা জানান। জমকালো নৈশভোজের আগে সুদৃশ্য কেকও কাটা হয়। ম্যানেজমেন্টের শীর্ষ কর্তা, কর্মসমিতির সদস্য ছাড়াও ইনভেস্টরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সবমিলিয়ে বর্ষশেষে জমজমাট ইস্ট বেঙ্গল। মহিলা দল কন্যাশ্রী কাপ ছাড়াও ইন্ডিয়ান উওমেন্স লিগে গতবারের বিজয়ী। সেই সুবাদে এএফসি’তেও দেশের প্রতিনিধিত্ব করে মশালবাহিনী। পরবর্তীতে মহিলা দলকে আরও শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর টিম ম্যানেজেমন্ট।

Advertisement


এদিকে, ইন্ডিয়ান উওমেন্স লিগে শনিবার ফের মাঠে নামছেন ফাজিলা, সুলঞ্জনারা। কল্যাণীতে তাঁদের প্রতিপক্ষ গাড়োয়াল ইউনাইটেড। প্রথম ম্যাচে সেতু এফসি’কে ১-০ ব্যবধানে বশ মানায় অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেছিলেন সৌম্যা গুগুলথ। উল্লেখ্য, গত মরশুমে মহিলাদের লিগে চ্যাম্পিয়ন মশাল গার্লস। এবারও খেতাব ধরে রাখতে মরিয়া গোটা দল। তবে টানা খেলার ক্লান্তি ভাবাচ্ছে থিঙ্কট্যাঙ্ককে। বিশেষ করে সেতু এফসি’র বিরুদ্ধে বেশ নিষ্প্রভ ছিলেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা। কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের বড় ভরসা তিনি। ফলে ফাজিলা ছন্দে থাকলে থিঙ্কট্যাঙ্কের চিন্তা কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ