Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেপালে উওমেন্স স্যাফ ক্লাব কাপ ফাইনাল, খেতাবের হাতছানি ইস্ট বেঙ্গলের সামনে

২০০৩ সালে জাকার্তার মাটিতে ইতিহাস গড়েছিল সুভাষ ভৌমিকের ইস্ট বেঙ্গল।

নেপালে উওমেন্স স্যাফ ক্লাব কাপ ফাইনাল, খেতাবের হাতছানি ইস্ট বেঙ্গলের সামনে
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৩ সালে জাকার্তার মাটিতে ইতিহাস গড়েছিল সুভাষ ভৌমিকের ইস্ট বেঙ্গল। থাইল্যান্ডের বেকতেরো সাসানাকে হারিয়ে বাইচুংদের আশিয়ান কাপ জয় লাল-হলুদের ইতিহাসে অন্যতম সেরা। ২১ বছর পর ফের আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানি মশালবাহিনীর সামনে। শনিবার উওমেন্স স্যাফ ক্লাব কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলের প্রমীলা ব্রিগেডের সামনে নেপালের এপিএফ এফসি। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৪-৪৫ মিনিটে।

Advertisement

চলতি টুর্নামেন্টে দুরম্ত ফর্মে রয়েছে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ ১০ পয়েন্ট। অপরাজিত থাকার পাশাপাশি এখনও কোনও গোল হজম করেনি তারা। তবে গত ম্যাচে এই এপিএফ এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অ্যান্ড্রুজের দল। এদিন তিনি বলেন, ‘প্রতিযোগিতার শেষ ল্যাপে এসে আর পিছনে তাকাতে চাই না। ফুটবলাররা জানে, কার কী ভূমিকা। ওদের উপর পূর্ণ আস্থা রয়েছে। যেনতেনপ্রকারেণ কাপ নিয়েই কলকাতায় ফিরতে চাই।’ ফাইনালে ইস্ট বেঙ্গলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।  স্থানীয় জনসমর্থন কাজে লাগিয়ে সুলঞ্জনা, জ্যোতিদের চমকে দিতে চায় নেপালের মহিলা দলটি। তাই বেশ সতর্ক লাল-হলুদ ব্রিগেড। আসলে অস্কার ব্রুজোঁর সিনিয়র দল দুটো টুর্নামেন্টের ফাইনালে পরাজিত হয়েছে। তাই প্রমীলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ মনঃসংযোগ ধরে রাখতে মরিয়া। দলের প্রধান ভরসা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা। বাংলাদেশের নাসরিন এফএ’র বিরুদ্ধে একাই পাঁচ গোল করেছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ