ওয়েলিংটন, ১৯ নভেম্বর: দিনের শুরুটা যদি হয় ভারতের তাহলে শেষটা অবশ্যই নিউজিল্যান্ডের। আজ থেকে ওয়েলিংটনে শুরু হল ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। ওয়েলিংটনের সবুজ পিছে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের শুরু থেকেই ভারতীয় বোলারদের আগুনে ফর্মের সামনে রীতিমতো দিশেহারা অবস্থা ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। বুমরার সামনে তখন রীতিমতো অসহায় অবস্থা টম লাথাম, ডারেল মিচেলদের। একটা সময় ৭০ রানে ৫ উইকেট পড়ে যায় কিউইদের। এই সময় বুমরার একারই সংগ্রহ তিন উইকেট। একটি করে উইকেট নেন আকাশদীপ এবং অংশুল কম্বোজ। কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই সহজ হয়েছে উইকেট। আর সেই সুযোগে ক্রিজে জাঁকিয়ে বসেছেন হেনরি নিকোলাস এবং গ্লেন ফিলিপস। প্রাথমিক ধাক্কা সামলে ১১৩ রানের দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস। অন্যদিকে ৯৪ রানে অপরাজিত ফিলিপ্স। দিনের শেষে পাঁচ উইকেটে ২৪৩ রান তোলে নিউজিল্যান্ড। প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরদের দল গঠন নিয়ে। ওয়েলিংটনের সবুজ পিচে মহম্মদ সিরাজের মত অভিজ্ঞ বোলার কেন দলে নেই তা নিয়ে প্রশ্ন উঠে যায়।



