ওয়েলিংটন: ১৯৬৮ সালে প্রথমবার নিউজিল্যান্ড সফরে এসেই টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তার আগে কখনো বিদেশে টেস্ট সিরিজ জেতা যায়নি। সেবার ৫ টেস্টের মধ্যে ৩টি পকেটে পুরে নেয় সফরকারী দল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এদেশে টেস্ট সিরিজ হয়ে ওঠে কঠিনতম চ্যালেঞ্জ। কিউয়িদের দেশে টিম ইন্ডিয়া ২০০৯ সালে শেষবার টেস্ট জিতেছিল। মহেন্দ্র সিং ধোনির দল সেবার বিপক্ষকে বশ মানায় ১০ উইকেটে। গত অর্ধশতকে সেটাই এদেশে ভারতের একমাত্র টেস্ট জয়। অর্থাৎ, শেষ পঞ্চাশ বছরে মাত্র একবার নিউজিল্যান্ডে টেস্ট জেতা গিয়েছে। কোনো সন্দেহ নেই, শুভমান গিল বাহিনীর কাজটা রীতিমতো শক্ত।
বৃহস্পতিবার ভোরে শুরু হতে চলা দুই টেস্টের সিরিজের সঙ্গে আবার জড়িয়ে রয়েছে অন্য অঙ্কও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে যা জেতা জরুরি। এখন ডব্লুটিসি টেবিলে চার নম্বরে থাকা ভারতের পারসেন্টেজ পয়েন্ট ৫১.৫২%। নিউজিল্যান্ডে ২টো ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টা টেস্ট জিতলে এবং ওভাররেটের কারণে কোনো পয়েন্ট না হারালে ভারতের পারসেন্টেজ পয়েন্ট দেখাবে ৭০.৩৭%। তাতেও ফাইনাল নিশ্চিত নয়। তবে এই ৭টা টেস্ট জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে থাকা দুই দল, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পারসেন্টেজ পয়েন্ট কমবে। সেটাই আশার আলো। বোলিং কোচ মর্নি মর্কেল তো বুধবার প্রচারমাধ্যমের সামনে এসে বললেন, ‘ফাইনালে উঠতে গেলে বাড়তি প্রচেষ্টার দরকার। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে উজাড় করে দিতে হবে সকলকে। বিপক্ষের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে।’
অনুপ্রাণিত হওয়ার রসদ যদিও যথেষ্টই রয়েছে ভারতীয় শিবিরে। টি-২০ এবং একদিনের সিরিজে জিতেছে নীল জার্সিধারীরা। ব্ল্যাক ক্যাপসদের দেশে এসে যা বড়ো সাফল্য। পরিষ্কার, নিজেদের দেশে কিউয়িরা অপরাজেয় নয়। সাদা বলের ক্রিকেট দাপট দেখানোর পর টেস্ট সিরিজ জিততে পারলে ষোলো কলা পূর্ণ হবে গৌতম গম্ভীরের ছাত্রদের। ভারত যে পাঁচদিনের ফরম্যাটকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তা অধিনায়কের কথাতেও পরিষ্কার। গিল বলেছেন, ‘মাসখানেক আগে কেউ যদি আমার কাছে জানতে চাইত যে তিনটির মধ্যে কোন সিরিজটা জিততে চান, তবে নিশ্চিতভাবেই টেস্ট সিরিজের কথা বলতাম।’
এদেশে ৭ বছর আগে বিরাট কোহলির দলের দুরাবস্থার সাক্ষী ছিলেন গিল। প্রথম এগারোয় না থাকলেও তাঁর স্মৃতিতে ভারতীয় ব্যাটারদের অসহায়তার ছবি টাটকা। সেবার চার ইনিংসে যথাক্রমে ১৬৫, ১৯১, ২৪২ ও ১২৪ তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। ধুলোয় গড়াগড়ি খেয়েছিল তারকাদের মানসম্মান। এবার সেজন্যই প্রস্তুতিতে বাড়তি সময় দেওয়া হয়েছে। তবে বোলিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা থাকছেই। আট নম্বরে নীতীশ রেড্ডি, অংশুল কম্বোজ ও আকাশদীপের মধ্যে কোনো একজন খেলবেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রারের মধ্যেও একজন দলে থাকবেন ‘হিট দ্য ডেক’ বোলিংয়ের জন্য। মহম্মদ সিরাজের খেলা নিয়েও থাকছে রহস্য। বিপক্ষকে রীতিমতো ধাঁধায় রেখেছেন মর্কেল। তবে চার পেসারে যে নামছে ভারত, তা স্পষ্ট।



