বিমানবন্দরে চ্যাম্পিয়নদের ঘিরে আবেগের বিস্ফোরণ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় পতাকা, ধামসা-মাদল, ফুলের তোড়া ও মিষ্টি। বুধবার বিকেল গড়াতেই দমদম বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। সাড়ে তিনটে নাগাদ ঢাকা থেকে কলকাতায় ফিরল দশমবার স্যাফ কাপ জয়ী ভারতীয় দল। লাউঞ্জ থেকে ট্রফি হাতে সন্দীপ মান্ডি বেরিয়ে আসতেই ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি আছড়ে পড়ল গোটা চত্তরে। উচ্ছ্বাসের কারণও যথেষ্ট। ইস্ট বেঙ্গলের বঙ্গ ডিফেন্ডারের লক্ষ্যভেদেই ক্রিকেটের মতোই ফুটবলেও পাক বধ করল ভারত। সোনার বুট ও বল জয়ী সুহেল ভাটদের আত্মবিশ্বাস এখন মধ্য গগনে। কাশ্মীরি স্ট্রাইকারের মন্তব্য,‘এই জয় দলের পাশাপাশি কোচ মুসা স্যারের জন্যই খুব গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় কেউ আমাদের ধর্তব্যের মধ্যে আনেননি। ‘বি’ টিম বলেও কটাক্ষ শুনতে হয়েছিল। কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম। পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাবতীয় জবাব দিয়েছি।’

Advertisement

এদিন চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেখানেই কোচ নৌশাদ মুসাসহ গোটা দলকে সংবর্ধনা জানায় রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে সন্দীপের জন্য ছিল বিশেষ আয়োজন। পা ধুইয়ে, উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেন পরিবারের সদস্যরা। চোখেমুখে তখন সাফল্যের আনন্দ, ঠোঁটে হাজার ওয়াটের হাসি। পাকিস্তানকে হারিয়ে স্যাফ জয়ের প্রসঙ্গে সন্দীপের বক্তব্য, ‘এই জয় গোটা দলের। প্রতি ম্যাচেই সকলে সেরাটা উজাড় করে দিয়েছে। ফাইনালে সবাই আমাদের আন্ডারডগ ভেবেছিল। কিন্তু এখন প্রমাণিত, আমরাই সেরা।’ ছেলের সাফল্যে গর্বিত বাবা সুন্দর মান্ডিও। তিনিও প্রাক্তন ফুটবলার। তাঁর পরামর্শ, ‘আবেগে ভেসে গেলে চলবে না। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আরও পরিশ্রম করতে হবে।’ সন্দীপের পাশাপাশি আবেগের আর এক নাম সুহেল। পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি। ফাইনালে তাঁর গোলেই সমতায় ফেরে ভারত। মোহন বাগানের কাশ্মীরি স্ট্রাইকারের কথায়, ‘সারা বছর কঠোর পরিশ্রম করেছি। এই সাফল্য আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’