আনোয়ারের অভাব ঢাকাই এখন চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিকালে রাজারহাট সেন্টার অব এক্সেলেন্সে ইস্ট বেঙ্গলের অনুশীলন তখনও শুরু হয়নি। সেন্টার সার্কেলে ফুটবলারদের ডেকে নিলেন কোচ আন্তোনিও হাবাস। ছোটো টিম মিটিংয়ে আলোচনার বিষয় অবশ্যই শুক্রবারের এসসি দিল্লি ম্যাচ। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে দিল্লি। দু’ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইস্ট বেঙ্গল। গত ম্যাচে চেন্নাইয়ানের কাছে ৫ গোল হজম এখনও মেনে নিতে পারছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ। সেদিন দলের বিবর্ণ পারফরম্যান্স ও গাছাড়া মনোভাব কাটাতেই এদিন ফুটবলারদের পেপটক দিলেন হাবাস।

Advertisement

চোটের কারণে আপতত মাঠের বাইরে আনোয়ার আলি। গত ৩ নভেম্বর এসিএল টু-এর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে তাঁর অভাব ঢাকাই এখন হাবাসের বড়ো চ্যালেঞ্জ। কারণ বিদেশি স্টপার জিভুলিচ এখনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। তবে স্বস্তি দিচ্ছে সন্দীপ মান্ডির দুরন্ত ছন্দ। স্যাফ কাপে রক্ষণে ভরসা জোগানোর পাশাপাশি ফাইনালের জয়সূচক গোল তাঁর। বুধবারই শহরে ফিরেছেন এই বঙ্গ ডিফেন্ডার। বৃহস্পতিবার লাল-হলুদ অনুশীলনে যোগ দেওয়ার কথা। সেক্ষেত্রে শুক্রবার দিল্লির বিরুদ্ধে তাঁকে রেখেই দল সাজাবেন হাবাস।
বুধবারের অনুশীলনে রক্ষণ সংগঠন মজবুত করার পাশাপাশি বিভিন্ন কম্বিনেশনও ঝালিয়ে নেন হাবাস। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন এডমুন্ড। দিল্লির বিরুদ্ধে তাঁকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচের। তবে বৃহস্পতিবার অনুশীলন শেষেই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাস। মাঝমাঠে রশিদ ও রামিরেজের উপর বাড়তি দায়িত্ব থাকবে। তবে গত কয়েক ম্যাচে রশিদের খেলাতেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। এই ইস্ট বেঙ্গল দলে প্রথম একাদশে বিদেশি স্ট্রাইকারের উপস্থিতি নিয়ে সবচেয়ে বড়ো কৌতূহলের জায়গা। চেন্নাইয়ানের বিরুদ্ধে সুযোগ পেয়ে জাল কাঁপিয়েছিলেন একে লোবা। ফলে দিল্লির বিরুদ্ধেও তাঁকে রেখেই আরও একবার আক্রমণের পথেই হাঁটতে পারেন হাবাস।
এদিকে, অসমে কে সি পল মেমোরিয়াল টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছাল ইস্ট বেঙ্গল রিজার্ভ দল। বুধবার শেষ আটের লড়াইয়ে ইউনাইটেড ব্রাদার্স ডিমা হাসাওকে ৬-১ ব্যবধানে হারালেন আকাশ-বিলালরা।