কেকেআরের আংশিক শেয়ার বিক্রি হতে পারে
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের দলবদল নিয়ে চর্চা সর্বত্র। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের আংশিক শেয়ার বিক্রির খবর সামনে চলে এল। কলকাতা নাইট রাইডার্সে শাহরুখ খানের ৫৫ শতাংশ শেয়ার থাকছে। আর বাকি ৪৫ শতাংশ জয় ও জুহি (চাওলা) মেহতার দখলে। তার মধ্যে ২২.৫ শতাংশ শেয়ার মেহতা গ্রুপ বিক্রি করতে চলেছে আমেরিকার বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টকে। কেকেআরের শেয়ার বিক্রি হবে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭৪২ কোটি টাকায়। মনে রাখা দরকার, এই মুহূর্তে কেকেআরের শেয়ারের মোট বাজারমূল্য প্রায় ১৭ হাজার কোটি টাকা। 

Advertisement

আইপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বোর্ডের কিছু নিয়ম মানতে হয়ে। বলা হয়েছে, শেয়ার বিক্রির ৫ শতাংশ পাবে বিসিসিআই। সেই অঙ্কে কেকেকেআরের শেয়ার বেচে জয় মেহতা পুরো অর্থ পাবেন না। তাঁকে প্রায় ২০০ কোটি টাকা দিতে হবে বোর্ডকে। তবে যে অর্থ তিনি ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে পাবেন, সেটাই বা কম কী। ২০০৭ সালে শাহরুখ খানের রেড চিলিজ এবং জয় ও জুহির মেহতা গ্রুপ যৌথভাবে কেকেআরের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল ২৮০-৩০০ কোটি টাকায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আইপিএলের জনপ্রিয়তা বেড়েছে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মূল্য আকাশ ছুঁয়েছে। তাই লাভের অঙ্ক ঘরে তুলতে ভুল করছেন না শিল্পপতি জয় মেহতা। 
কেকেআরের ম্যানেজমেন্টে অ্যারেস গ্রুপের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক বলে মনে করছে ক্রীড়ামহল। কারণ এই মার্কিন সংস্থা একাধিক ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করেছে। চেলসি ফুটবল ক্লাবের শেয়ার রয়েছে তাদের হাতে। এনএফএলের একটি ক্লাবেও অংশীদারিত্ব রয়েছে তাদের। এছাড়া ‘দ্য হান্ড্রেড’ লিগেও তাদের ক্লাব রয়েছে। অ্যারেস কেকেআরের বোর্ডে আসার ফলে বিদেশি লিগে শাহরুখ খানের দলের প্রসারের কাজ অনেক সহজ হবে বলেই মত ক্রিকেট মহলের।