ওয়েলিংটন: এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ছয় ম্যাচে জিতেছে ৪টিতে। হার মাত্র একটি। আর ১০টি টেস্ট খেলবে তারা। তারমধ্যে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজও রয়েছে। যা জিততে পারলে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে কিউয়িরা। তবে সেই সমীকরণ মাথায় না রেখে ভারতকে হারানোর পরিকল্পনাতেই মন দিচ্ছে টম লাথাম ব্রিগেড। আর সেই লক্ষ্যে পেসার ম্যাট হেনরির অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ‘কনকাসন’ সমেলে উঠে ওডিআই সিরিজে নেমেই ডানহাতি পেসার নিজের গুরুত্ব বুঝিয়েছিলেন। মাউন্ট মাউনগানুইয়ে চতুর্থ একদিনের ম্যাচে প্রথম ওভারেই তিনি ফেরান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারকে। সেই ম্যাচে মাত্র ২৭ রানে ৬ উইকেট নেন হেনরি।
কিউয়ি অধিনায়ক বুধবার সাফ বলেন, ‘তিন-চার মাসের মধ্যে ১০টা টেস্ট খেলব আমরা। তবে এখন এতটা দূর ভাবতে চাইছি না। আমরা নমনীয় থাকছি পরিকল্পনায়। এই মুহূর্তে ভারতকে নিয়েই ভাবছি। আমরা তিনজন পেসার ও একজন বোলিং অলরাউন্ডারকে নিয়ে নামব। ম্যাট হেনরি ফিট। লাল বল হাতে দৌড়ে আসার অপেক্ষায় রয়েছে ও। আশা করছি, ওডিআই ম্যাচের ছন্দেই হেনরি বল করবে। আমাদের বোলিং আক্রমণের নেতা ওই। পিচ যেমনই হোক না কেন, ও মুভমেন্ট করানোর ক্ষমতা ধরে।’ হেনরি ছাড়াও কিউয়ি পেস আক্রমণে থাকতে চলেছেন কাইল জেমিসন ও জ্যাকব টাফি। বোলিং অলরাউন্ডারের ভূমিকায় সম্ভবত থাকবেন নাথান স্মিথ। আর মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে স্পিনারের ভূমিকায় দেখা যেতে পারে গ্লেন ফিলিপসকে।



