সংবাদদাতা, দুর্গাপুর: কাজোড়া মোড় এলাকার গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় অণ্ডাল থানা চত্বর। পুলিশের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এক বিজেপি নেতা-সহ মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত মহিলারা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকে প্রতিবাদ জানাতে শুরু করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে অণ্ডালের কাজোড়া মোড় এলাকায় দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই ঘটনার পর পুলিশ এক পক্ষের একজনকে গ্রেপ্তার করলেও পরে রহস্যজনকভাবে তাঁকে ছেড়ে দেয়। অন্যদিকে, সোমবার রাতে তাঁদের পক্ষের বেশ কয়েকজনকে এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে। অথচ, অপরপক্ষের বিজেপি নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এই বৈষম্যের প্রতিবাদেই এদিন রাস্তায় নামেন এলাকার মহিলারা।
বিক্ষোভকারী সুমন পাসওয়ান ও পুষ্পা যাদবের অভিযোগ, আইন সবার জন্য সমান হওয়া উচিত। যখন দু’পক্ষের বিরুদ্ধেই মামলা হয়েছে, তখন পুলিশ কেন এক পক্ষকে আড়াল করছে? আমদের দাবি, ওই বিজেপি নেতা-সহ বাকি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত সমানভাবে আইনি পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য অণ্ডাল থানার সামনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। • নিজস্ব চিত্র