সংবাদদাতা, কালনা: স্বনির্ভর গোষ্ঠীর অধীনে স্কুল ড্রেস তৈরি করে স্বনির্ভর হচ্ছেন কালনা-২ ব্লকের প্রায় দেড়শো মহিলা। দিনে ৭-৮ ঘণ্টা কাজ করে মাসে রোজগার করছেন ১২-১৫ হাজার টাকা। এই ব্লকের কল্যাণপুর অঞ্চলে রয়েছে সারদা সঙ্ঘ মহিলা মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটি। এই সঙ্ঘের অধীনে রয়েছে তিন শতাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে, তিন হাজারের বেশি মহিলা। ইতিমধ্যে সঙ্ঘের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী মহিলারা ৪৫ কোটি টাকা ঋণ পেয়েছেন। এই ঋণ নিয়ে কেউ কেউ স্বাধীনভাবে পোশাক তৈরি, রেডিমেড পোশাক বিক্রি, মুদিখানা দোকান সহ চানাচুরের কারখানা করে স্বনির্ভর হয়েছেন।
এই সারদা সঙ্ঘ মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি চার বছর ধরে স্কুল ড্রেস তৈরির বরাত পেয়ে আসছে। এই সোসাইটির মহিলারা ব্লকের ১৩৭টি প্রাথমিক ও ২৮টি উচ্চ বিদ্যালয় মিলিয়ে ১৬৫টি স্কুলের ৩২ হাজারের বেশি ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস তৈরি করেছেন। পোশাক তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন গোষ্ঠীর প্রায় দেড়শো মহিলা। সঙ্ঘের নিজস্ব সেলাই মেশিন সহ কার্টিং, টিচিং সবই একই ছাতার তলায় রয়েছে। সকাল ১০টার মধ্যে মহিলারা কর্মস্থলে চলে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরেন। গোষ্ঠীর মহিলা নিবেদিতা পাল, মৌমিতা দাস, কাকলি হালদার, মাম্পি মণ্ডলরা বলেন, সপ্তাহে ৩-৪ হাজার টাকা রোজগার হয়। এরজন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। সঙ্ঘের নেত্রী টুকু পান বলেন, হাটগাছা কর্মতীর্থ ও কল্যাণপুর জিউধারায় আমাদের দু’টি স্কুল ড্রেস তৈরির ইউনিট রয়েছে। আমাদের কাপড় দেওয়া হয়। আমরা স্কুল ড্রেস তৈরি করি। দু’টি ইউনিটে প্রায় দেড়শো মহিলা কাজ করেন। ব্লকের ৩২ হাজারের বেশি ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক তৈরি হয়। -নিজস্ব চিত্র