নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার টানা না পেয়ে মহিলাদের বিক্ষোভ ঊর্ধ্বমুখী। আগেই উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধের পাশাপাশি প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। বুধবার ফের পথ অবরোধ করলেন তাঁরা। আমতা বিধানসভার কুলিয়া বাগনান রাস্তার কুলিয়া চৌরাস্তা অবরোধ করেন তাঁরা। প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর জয়পুর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে রাস্তা অবরোধ মুক্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমতা ২ নং ব্লকের ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের সোলবাগা গ্রামের ৩টি বুথ আছে। অভিযোগ ৩টি বুথের মধ্যে ১টি বুথের হাতে গোনা কয়েকজন টাকা পেয়েছেন। বাকি ২ হাজারের বেশি মহিলা টাকা পাননি। আর টাকার দাবিতে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শতাধিক মহিলা রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে। পথ অবরোধে নাকাল হন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে ফর্ম ফিলাপ করার পর দীর্ঘ চার মাস অতিক্রান্ত হতে চললেও সিংহভাগ মহিলা টাকা পাননি। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান মহিলারা। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, এদিন দুপুরে আমতা ২ নং ব্লক অফিসের সামনেও একই দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা।
পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ সাঁকরাইলে। বুধবার বৃষ্টি উপেক্ষা করে সাঁকরাইলের ধুলাগড় গ্রাম পঞ্চায়েতের সামনে জুজুরসাহা রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। তাঁদের অভিযোগ, গত চার মাস ধরে টাকা মিলছে না। পঞ্চায়েতে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েও সমস্যার সমাধান হয়নি। আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিললেও এখন এলাকার গুটিকয়েক মহিলার অ্যাকাউন্টেই টাকা ঢুকছে বলে অভিযোগ। ক্ষুব্ধ মহিলারা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন। প্রায় চার ঘণ্টা অবরোধ চলে। পরিস্থিতি সামাল দিতে সাঁকরাইল থানার পুলিশ ও র্যাফ গিয়ে অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীদের দাবি, টাকা না পাওয়ায় পুজোর কেনাকাটাও করতে পারছেন না। নিজস্ব চিত্র