Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালের মধ্যে স্ত্রীর উপর অস্ত্র নিয়ে হামলা

হাসপাতালের মধ্যে স্ত্রীর উপর অস্ত্র নিয়ে হামলা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাতসকালেই ধুন্ধুমার অবস্থা হাসপাতাল চত্বরে! সেখানে লোহার অস্ত্র নিয়ে এক ব্যক্তি তার স্ত্রীর উপর হামলা চালায়। সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীর তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই গৃহবধূ। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অমর লোহার। অন্যদিকে, জখম গৃহবধূর নাম পূর্ণিমা লোহার। তাঁর গলায়, ঘাড়ের নীচে ও পিঠে চোট লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ওই গৃহবধূর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতাল চত্বরে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে উপস্থিত অন্যান্য রোগী সহ তাঁদের পরিজনেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাঃ প্রকাশচন্দ্র বাগ বলেন, হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন নেই। হাসপাতাল চত্বরেই পুলিস ক্যাম্প রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরার নজরদারিও রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আরও বেশকিছু সিসি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা চলছে। দপ্তরের অনুমোদন পেলে নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে। ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, সিউড়ির কুলেরার বাসিন্দা অমরের সঙ্গে বছর কয়েক আগে মহম্মদবাজার থানা এলাকার কাদাডিহির বাসিন্দা পূর্ণিমার বিয়ে হয়েছিল। তাঁদের সন্তানও রয়েছে। তবে স্বামী-স্ত্রী মধ্যে খুব একটা বনিবনা ছিল না। প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ওই মহিলা গত ৮ মাস যাবৎ স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে থাকছেন। এদিন সকালে তিনি তাঁর মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মায়ের চিকিৎসা। অভিযোগ, সেসময় আচমকাই ওই গৃহবধূর স্বামী অমর একটা বড় অস্ত্র দিয়ে হামলা চালায়। পর পর তিনটি আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান পূর্ণিমা। অন্য রোগীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ঘটনাটি টিকিট কাউন্টার চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর নজরে আসে। দ্রুত তিনি সেখানে পৌঁছে অমরকে পাকড়াও করেন। তার হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেন। সেইসঙ্গে ওই ব্যক্তির গলায় থাকা গামছা দিয়ে তার হাত পেঁচিয়ে ধরেন। এরপর তাকে হাসপাতাল চত্বরে থাকা পুলিস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেতেই সিউড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, জখম গৃহবধূকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। 
ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ বলেন, আমার স্বামী প্রায়শই আমার ওপর অত্যাচার করত। মাঝেমাঝেই মারধর করত আমাকে। এদিন মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলাম। সেই সময় আমার স্বামী অস্ত্র নিয়ে আচমকাই হামলা করে। ও কেন এভাবে হামলা করল, বুঝতে পারছি না। যদিও ওই অভিযুক্ত অমর দাবি করেছে, আমি আঘাত করতে চাইনি, রাগের মাথায় ভয় দেখাতে চেয়েছিলাম মাত্র। ভেবেছিলাম ওকে ভয় দেখিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যাব। একসঙ্গে থাকব।

Advertisement
সম্পর্কিত সংবাদ