শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, কাটা পড়ল হাত
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৪:৫২
Prefer us on Google

মুম্বই, ১২ নভেম্বর: ট্রেনে ওঠার পর থেকেই এক ব্যক্তি উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। প্রতিবাদ করেন মহিলা। আর তার ফল হয় আরও ভয়াবহ। বাধা পেয়ে অভিযুক্ত, মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। যার জেরে আক্রান্ত মহিলার একটি হাত ট্রেনের চাকায় কাটা পড়ল। গুরুতর আঘাত লাগে মাথাতেও। পড়েছে ষোলটা সেলাই।  

Advertisement

 মুম্বইএর বোরিভলি স্টেশন থেকে ভিরার যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন মহিলা। অভিযোগ ভিড় ট্রেনে ওঠার পর থেকেই এক ব্যক্তি আপত্তিকরভাবে তাকে স্পর্শ করতে থাকে। মহিলা প্রতিবাদ করলেও তাতে কাজ হয়নি। শুরু হয় কথা কাটাকাটি। যা চরমে ওঠে নাইগাঁও স্টেশনে পৌঁছাতেই। অভিযুক্ত ব্যাক্তি মহিলাকে ধাক্কা মেরে ট্রেনের বাইরে ফেলে দেয় বলে অভিযোগ। তিনি পড়ে যান দু’টি কামরার মাঝে। এরপর তিনি প্ল্যটফর্মে ওঠার চেষ্টা করতেই তখনই ট্রেন চলতে শুরু করে। ট্রেনের চাকায় কাটা পড়ে মহিলার বাঁ হাতের কনুইয়ের নিচের অংশ। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তি শোরগোলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। যদিও তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযুক্ত গ্রেপ্তার হলেও তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত মহিলা। তার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি।