মুম্বই, ১২ নভেম্বর: এতদিন পরিচ্ছন্নতার মুকুটে আধিপত্য ছিল মধ্যপ্রদেশের ইন্দোরের। কিন্তু এবার দীর্ঘ আট বছরের আধিপত্যে পড়ল ছেদ। এবার ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে প্রথম স্থানে উঠে এল নবি মুম্বই। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০২৫-২৬’-এ এই তথ্য সামনে এসেছে।
এই সমীক্ষায় এবার প্রথম তিনটি শহর হল নবি মুম্বই, সুরাট এবং বিজয়ওয়াড়া। গত ৮ বছর ধরে ইন্দোরই পরিচ্ছন্ন শহরের তকমা পেয়ে এসেছে। এবার পরিচ্ছন্ন শহরের পাশাপাশি ‘স্বচ্ছ শহর জুটি’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছিল। এই ব্যবস্থায় একটি পরিচ্ছন্ন শহরকে অন্য একটি শহরকে পরিচ্ছন্ন হতে সহায্য করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই বিভাগে প্রথম হয়েছে আহমেদাবাদ ও সানন্দ জুটি, দ্বিতীয় ইন্দোর ও দেপালপুর জুটি এবং তৃতীয় হয়েছে তিরুপতি ও কুপ্পম জুটি। এর পাশাপাশি সবচেয়ে পরিচ্ছন্ন নদীতীরবর্তী শহর মধ্যপ্রদেশের রেওয়া এবং সবচেয়ে পরিচ্ছন্ন উপকূলবর্তী শহর হয়েছে পুরী। একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ী শহরগুলিকে পুরষ্কার প্রদান করেন। চার হাজার সাতশোটিরও বেশি শহর এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই সমীক্ষার মূল উদ্যোগ যাতে ভারতের প্রতিটা শহরকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়। তাই প্রতিটা শহরের লক্ষ্য থাকে নিজের শহরকে পরিষ্কার রেখে এই পুরষ্কার জেতা।



