কাশ্মীরে টহলরত দুই পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার, সন্দেহ জঙ্গি যোগের
  • ১২ নভেম্বর, ২০২৬ ১০:৩৪
Prefer us on Google

শ্রীনগর, ১২ নভেম্বর: পাহাড় ও জঙ্গল ঘেরা কাশ্মীরের কিস্তোয়ার জেলা। আর এখানেই টহলরত দুই পুলিশ আধিকারিক প্রথমে নিখোঁজ হন এবং পরে দু’জনেরই মৃতদেহ উদ্ধার হয়।  এই জেলা একটা সময় ছিল জঙ্গিদের মুক্তাঞ্চল। কিন্তু পুলিশ ও নিরাপত্তা।বাহিনীর লাগাতার যৌথ অভিযানের ফলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। লাগাতার অভিযানের ফলে বেশ কয়েকজন সক্রিয় সন্ত্রাসবাদী নিহত হয়েছে, তার ফলে সন্ত্রাসমূলক কাজকর্ম অনেকটাই কমেছে এই জেলায়। এবার সেখানেই ঘটল দুই পুলিশ আধিকারিকের অপহরণ ও হত্যার ঘটনা। বুধবার জেলার দুর্গম দাঁচ্ছান- মারওয়া এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে টহল দিচ্ছিলেন পুলিশের দুই আধিকারিক রামপাল কুমার এবং বাবি চাঁদ। দুজনেই এসপিও পদে কর্মরত ছিলেন। হঠাৎই ধেরণা পোষ্টের দিকে যাওয়ার পথে দুই পুলিশ আধিকারিকই নিখোঁজ হয়ে যান। পুলিশ সূত্রে খবর, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। নিখোঁজ হওয়া দুই অফিসারের খোঁজে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করে। ট্র্যাক করা হয় তাদের মোবাইল। তবে শুরুতে তাদের মোবাইলে রিং হলেও, পরে সেগুলো বন্ধ হয়ে যায়। এলাকা দুর্গম হওয়ায় তল্লাশি অভিযানে রীতিমত বেগ পেতে হয় নিরাপত্তার রক্ষীদের। পাহাড়ি অঞ্চলে তল্লাশি চালাতে একাধিক এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। অবশেষে মিলল দুই পুলিশ আধিকারিক এর নিথর দেহ। 

Advertisement

গতকালই কুলগ্রামে জঙ্গি হামলায় গুরুতর জখম হন তিন সিআরপিএফ জওয়ান। আর ঠিক এক দিন পরেই মিলল কিস্তোয়ার অঞ্চলে টহলরত ২ পুলিশ আধিকারিকের দেহ। তদন্তকরীদের আশঙ্কা এই মৃত্যুর পেছনেও রয়েছে জঙ্গি যোগ। পাশাপাশি মৃত দুই আধিকারিকের কাছে থাকা বন্দুকেরও কোনো হদিশ মেলেনি।