গুয়াহাটি: শুধুমাত্র প্যান কার্ড ও ভোটার আইডি কার্ড নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। এর জন্য কার্ড ইস্যু করার সময় ব্যবহৃত নথি ঠিক থাকতে হবে। গত ৫ নভেম্বর নাগরিকত্ব সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেছে গুয়াহাটি হাইকোর্ট।
সম্প্রতি কুলচন বেগম নামে এক মহিলাকে বিদেশি হিসাবে ঘোষণা করেছিল ফরেনার্স ট্রাইবুনাল। সংশ্লিষ্ট রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় বিচারপতি কলাণ রাই সুরানা ও বিচারপতি সুস্মিতা ফুকান খাউন্ডের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের পর্যবেক্ষণ, ঠাকুমা, ঠাকুরদা ও বাবার সঙ্গে পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে পারেননি আবেদনকারী। একইসঙ্গে দীর্ঘদিন অসমে থাকলেও ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে তার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।
কুলচনের দাবি, ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে জন্মগ্রহণ করেন তিনি। নাগরিকত্বের প্রমাণ হিসাবে ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকায় ঠাকুরদা, ঠাকুমার নাম থাকার তথ্য দেন তিনি। বাবার প্যান কার্ড, ভোটার কার্ডের পাশাপাশি নিজের ভোটার ও রেশন কার্ডও পেশ করেন। এনআরসি সংক্রান্ত আবেদনপত্র পর্যন্ত পেশ করা হয়। কুলচন জানান, ভোটার তালিকায় তাঁর বাবা ভারতীয় হিসাবে নথিভুক্ত। লোকসভা, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি গুয়াহাটি পুরসভার কাউন্সিলার ছিলেন তাঁর বাবা।
হাইকোর্টে তিনি দাবি করেন, নথিপত্রের সঠিক মূল্যায়ন করেনি ফরেনার্স ট্রাইবুনাল। কুলচন আরও জানান, এবিষয়ে তাঁর আইনজীবী ভুল পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, এই নথি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট। এহেন পরিস্থিতিতে মামলাটি ফের ট্রাইবুনালে শুনানির জন্য পাঠানোর আরজি জানান ওই মহিলা। ভুল আইনি পরামর্শের দাবি পত্রপাঠ নাকচ করে দেয় হাইকোর্ট। প্যান কার্ড ও ভোটার আইডি কার্ড নিয়ে বেঞ্চের পর্যবেক্ষণ, দু’টি কার্ড স্ব-ঘোষণার ভিত্তিতে ইস্যু করা হয়। আয়কর বিভাগ ও নির্বাচন কমিশন তা যাচাই করেনি। ফলে নথি সংক্রান্ত আবেদনও খারিজ হয়ে যায়। বিচারপতিরা বলেন, ‘প্যান কার্ড ও এপিক পাওয়ার জন্য প্রদত্ত নথি সঠিক বলে প্রমাণ মেলেনি। সেজন্য নথিগুলিকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না।’



