মির্জাপুরে রেললাইনে ধস, কানপুরে বেলাইন এক্সপ্রেস
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মির্জাপুর: তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলাকালীন ধস নামল উত্তরপ্রদেশের মির্জাপুরে। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর স্টেশন ও ঝিঙ্গুরা সেকশনের মাঝে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আপ লাইনে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে। রেল সূত্রে খবর, ধসের খবর পেয়েই   কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। ডাউন লাইনে নিরাপদে ট্রেন চলাচল পুনরায় শুরু করার জন্য মেরামতির কাজ চলছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন রেল আধিকারিকেরা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাগ্রস্ত অংশে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে সাতটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে এই ধসের জেরে মির্জাপুর এবং আশপাশের একাধিক স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা। কয়েকটি ট্রেনকে মাঝপথ থেকে ফিরিয়েও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। যাত্রা শুরুর আগে ট্রেনের সর্বশেষ অবস্থান ও যাত্রাপথ সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে রেল প্রশাসন। 

Advertisement

অন্যদিকে, স্টেশন ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হল চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি কামরা। বুধবার উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি। রেল সূত্রে খবর, কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস বুধবার বিকেল ৫টা ৩ মিনিটে কানপুর সেন্ট্রাল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে। এর ঠিক দু’মিনিট পর, ট্রেনটি স্টেশন ছেড়ে বেরোনোর সময় বি৪, বি৫, বি৬ এবং বি৭ নম্বর কামরা লাইনচ্যুত হয়। প্রতিটি কামরার একটি করে বগির চাকা রেললাইন থেকে নেমে যায় বলে জানিয়েছেন রেল আধিকারিকেরা। দুর্ঘটনার পরেই উদ্ধার ও মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।