নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের কর্মসংস্থান ও অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে নিয়মিত সমীক্ষা করে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)। বেকারত্ব নিয়ে তাদের লাগাতার বিশ্লেষণ ও তথ্য পরিসংখ্যান প্রকাশে দীর্ঘদিন ক্ষুব্ধ মোদি সরকার। তারা স্পষ্ট জানিয়েছিল, এই বেসরকারি সংস্থার সমীক্ষা রিপোর্টের সত্যতা তারা মানে না। বাস্তব কিন্তু তার সঙ্গেই একপ্রকার সামঞ্জস্য রেখে চলে। আর এবার তো সেই সিএমআইই সংস্থার প্রকাশ করা বেকারত্বের রিপোর্টের সঙ্গে সরকারের শ্রমমন্ত্রকের কর্মসংস্থানের সমীক্ষাও প্রায় কাছাকাছি। সিএমআইই রিপোর্টে বলেছে, অক্টোবর মাসের কর্মসংস্থানের হার এতই কমেছে যে, কার্যত তা ফিরে গিয়েছে করোনাকালের পূর্বাবস্থায়। অক্টোবর মাসে ৩৯.৩ শতাংশ হয়েছে কর্মসংস্থানের হার। আর ২০২০ সালের জানুয়ারি মাসে কর্মসংস্থানের হার কত ছিল? ৩৯.৭ শতাংশ। একইভাবে চরম উদ্বেগজনক সংকেত দিচ্ছে বেকারত্বের হার। অক্টোবর মাসের বেকারত্বের হার হয়েছে ৪.৭ শতাংশ। একমাসে আগে সেপ্টেম্বর মাসের তুলনায় যা এক ধাক্কায় অনেকটা বেশি। কারণ, সেপ্টেম্বরে এই হার ছিল ৪ শতাংশ। বিগত ন’বছরের মধ্যে সবথেকে কম। কিন্তু সিএমআইই’র তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে গ্রামীণ ভারতকে বেশি করে গ্রাস করেছে বেকারত্ব।
এদিকে সিএমআইই এই তথ্য দিলেও সরকারি রিপোর্ট কিন্তু বলছে, বিগত তিনমাসের মোট বেকারত্বের হার কমবেশি এক। বরং কিছুটা কমেছে। যদিও এই সরকারি রিপোর্টই স্বীকার করেছে যে, শহরাঞ্চলের বেকারত্বও যথেষ্ট বিপজ্জনক। পিরিয়ডিকাল লেবার ফোর্স সমীক্ষা অনুযায়ী, বিগত তিন মাসের বেকারত্বের প্রবণতায় শহরের বেকারত্ব অনেক বেশি। বাড়তি উদ্বেগের বিষয় হল, দেশে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমছে। ১৫ বছরের ঊর্ধ্বে যে কর্মজগৎ রয়েছে, সেই বয়ঃসীমার কর্মীদের বেকারত্বের হার হয়েছে ৫.১ শতাংশ। অথচ সিএমআইই রিপোর্টে বলা হচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তিন মাসের মধ্যে প্রথম দু’মাসে বেকারত্বের হার ছিল ৬ শতাংশের বেশি। অর্থাৎ, সরকারি হিসাবের তুলনায় বেশি। আবার গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল উভয় বেকারত্বই ঊর্ধ্বমুখী। সবথেকে তাৎপর্যপূর্ণ হল, অক্টোবর মাস উৎসবের মরশুমের ভরকেন্দ্র। কর্মসংস্থান হার সাধারণত বেড়ে যায়। অক্টোবর মাসের বাণিজ্যে জিএসটি আদায়ের পরিমাণও হয় অনেক বেশি। কারণ একের পর এক ধর্মীয় উৎসবের কেনাবেচা হয় এই মাসে। কারখানা, দোকান, উৎপাদন ইউনিট, বিক্রয়কেন্দ্র, পরিবহণ ব্যবসা সর্বত্র কর্মীর সংখ্যা অস্থায়ীভাবে বেড়ে যায়। কিন্তু এহেন অক্টোবর মাসে এই বছর সবথেকে কম কর্মসংস্থানের হার। এমনকী সেই করোনাকালের সঙ্গে তুলনীয়। কারণ কী? উত্তর খুঁজছে অর্থনৈতিক ও বাণিজ্যমহল। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে যুব কর্মজগতের কর্মসংস্থান কমেছে। ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানে বলা হচ্ছে, প্রথম দু’বছরের শুরুর ১০ মাসে যে কর্মীসংখ্যা গড়ে বাড়ছিল, সেই হার হঠাৎ ২০২৬’এর প্রথম ১০ মাসে কমে যায়। সরকারি সমীক্ষা বোঝানোর চেষ্টা করেছে যে, শহুরে বেকারত্ব বাড়লেও গ্রামীণ কর্মসংস্থান সেই তুলনায় বেড়েছে। যদিও সিএমআইই বলেছে, এই প্রবণতার কারণ আশাপ্রদ নয়। কারণ, শহরে কাজের সুযোগ না পেয়েই পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছে। আর এলাকায় যেমন-তেমন কাজ খুঁজে নিতে বাধ্য হচ্ছে। অথচ, ১০০ দিনের কাজ পাওয়ার স্বর্ণযুগ আর নেই। অতএব গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রেও কাজের সুযোগ কম। সেই প্রবণতার তিক্ত স্বাদ পাচ্ছে বিভিন্ন এফএমসিজি সংস্থার পণ্য বিক্রি। গ্রামীণ এলাকায় দীপাবলিতে যে পরিমাণ বিক্রি হয়, সেই উচ্চতায় পৌঁছায়নি চলতি বছরের বাণিজ্য। কারণ, একটাই। প্রশাসক নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তিতে গ্রাম হোক অথবা শহর, হাতে কাজ নেই। তাই আয় নেই।



