ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গে ফের জঙ্গি হানা! গত বছর পহেলগাঁও হামলা ও তার জবাবে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর গোটা উপত্যকায় শান্তি ফিরেছিল। বিচ্ছিন্ন দু’-একটি ঘটনা ঘটলেও সেভাবে সংগঠিত জঙ্গিহানার শিকার হয়নি এই কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু আপাত শান্তির সেই পরিবেশ ভেঙে খানখান হয়ে গেল বুধবার। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সরকারি সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল কুলগাঁওয়ে। তার মধ্যেই দিনেদুপুরে সিআরপিএফের নাকা চেকিং পয়েন্টে হামলা চালাল জঙ্গিরা। মিরবাজারের কাছে আখরানে অবস্থিত ওই চেকিং পয়েন্ট। দুপুর সওয়া ২টো নাগাদ অন্তত দু’জন জঙ্গি মোটরবাইকে চেপে সেখানে আসে। তারপর সুযোগ বুঝে টহলরত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুত জবাব দেন জওয়ানরাও। তার মধ্যেই অবশ্য এলাকা ছেড়ে চম্পট দিতে সক্ষম হয় জঙ্গিরা। সিআরপিএফ সূত্রে খবর, এই হামলায় তিন জওয়ান আহত হয়েছেন। তাঁরা হলেন, হেড কনস্টেবল সোমবীর সিং, কনস্টেবল শান্তনু চন্দ্র এবং রাকেশ দাস। শান্তনু বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা। রাকেশ ও সোমবীরের বাড়ি যথাক্রমে অসম ও মধ্যপ্রদেশে। তাঁরা বর্তমানে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, সন্তোষের তলপেট ও মেরুদণ্ডে গুলি লেগেছে। রাকেশের বাঁ পায়ে এবং সোমবীরের বাঁ হাতে গুলি লেগেছে। তিনজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
সিআরপিএফের দাবি, এদিন দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ হামলা চালায় জঙ্গিরা। সেই সময় নাকা চেকিং পয়েন্টে রুটিন টহল দিচ্ছিলেন ৪৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। একটি সিসি ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, প্রথম ১৫ সেকেন্ডেই অন্তত ৩০ রাউন্ড গুলি চলেছে। পরের এক মিনিটে আরও ১২বার গুলির শব্দ শোনা যায়। ভিডিয়োটির শুরুতে একটি দোকানের সামনে এক জওয়ানকে বসে থাকতে যায়। তাঁর ডান দিক থেকে হামলা চালায় জঙ্গিরা। খানিকক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হন আরও একজন জওয়ান। দু’জনে মেশিনগান চালিয়ে জঙ্গিদের জবাব দিতে শুরু করেন। আক্রমণকারীদের উদ্দেশে চিত্কার করে তাঁরা কিছু বলছিলেন, সেই দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। হামলার খবর পেয়েই এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর ‘আর্মার্ড ভেহিকেল’ ও অ্যাম্বুল্যান্স। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। লাউড স্পিকারে আশপাশের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরনোর জন্যও অনুরোধ করেন জওয়ানরা। তারপরই জঙ্গিদের সন্ধানে শুরু হয় চিরুনি তল্লাশি। রাত পর্যন্ত সেই অভিযান চলেছে।
গত বছরের এপ্রিলে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই হামলার জবাব দিতে পাক-মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। তারপর ভূস্বর্গে আর বড়ো কোনো জঙ্গি হামলা হয়নি। তবে গত পাঁচ মাসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিশানা করে দু’বার হামলা চালিয়েছে জঙ্গিরা। এদিন লেফটেন্যান্ট গভর্নর উপস্থিত থাকাকালীন কুলগাঁওয়ে হামলা চালিয়ে জঙ্গিরা কোনো বার্তা দিতে চাইছে কি না, তাও খতিয়ে দেখছেন সেনা-গোয়েন্দারা। এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে তল্লাশি চালানোর সময় কিস্তোয়ারে দুই পুলিশকর্মী নিখোঁজ হয়ে যাওয়ায় কপালের ভাঁজ চওড়া হয়েছে বাহিনীর।



