শ্রীনগর: কাশ্মীরের একমাত্র সক্রিয় স্থানীয় জঙ্গি আবদুল লতিফ ভাট ওরফে মহম্মদ লতিফ ভাটের সন্ধানে নতুন করে অভিযান শুরু করল জম্মু ও কাশ্মীর পুলিশ। লস্কর-ই-তোইবার হয়ে কাজ করে লতিফ। তার বিষয়ে জানতে চেয়ে শ্রীনগরের লালচক ও প্রতাপ পার্ক এলাকায় পোস্টার টাঙিয়েছে পুলিশ। ওই পোস্টারে লতিফ ও আরও তিন জঙ্গির গতিবিধির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে, তা দ্রুত পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। পোস্টারে চারজনের ছবিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যিনি তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। চার মাস আগেও লতিফের নামে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। কিন্তু তাতে সাড়া না মেলায় লতিফের সন্ধানে নতুন করে অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লতিফ আদতে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ের বাসিন্দা। অনন্তনাগে এক পুলিশকর্মীকে হত্যা ও চলতি বছরের জুলাইয়ে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার মূল মাথা ছিল সে। অন্য যে তিন জঙ্গির সন্ধান চাওয়া হয়েছে, তারা কাশ্মীরের বাসিন্দা হলেও বর্তমানে পাক-অধিকৃত কাশ্মীর থেকে কার্যকলাপ চালায়।



