নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির উত্তরপাড়ার বিধায়কের গাড়ির ধাক্কায় জখম হলেন এক মহিলা। হুগলির কোন্নগরের ৬ নম্বর ওয়ার্ডের এসসি চ্যাটার্জি রোডে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বিধায়কের গাড়ির ধাক্কায় স্কুটার আরোহী ওই মহিলার গাড়িটিও দুমড়ে যায়। তাঁর মাথা ফেটে যাওয়ায় আটটি সেলাই দিতে হয়েছে। রাতে মহিলাকে জখম অবস্থায় উত্তরপাড়া হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁকে বিধায়কের উদ্যোগেই কলকাতায় পাঠানো হয়। কিন্তু সেখানে ট্রমা কেয়ার কর্তৃপক্ষ কোন্নগরের বাসিন্দা ওই মহিলাকে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়। পরে তাঁকে বেসরকারি হাসপাতালে তাঁর পরিবার ভরতি করিয়েছেন। রাতে বিধায়ক হাসপাতালে গিয়ে জখম মহিলাকে দেখে আসেন।



