সংবাদদাতা, বারুইপুর: অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। পাসবই আপডেট করতে গিয়ে তা দেখে আকাশ মাথায় ভেঙে পড়েছে গৃহবধূর। ঘটনাটি কুলতলির। মহিলা পাসবই আপডেট করতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা জমা পড়েছে দেখে হতবাক কুলতলির কুন্দখালি অঞ্চলের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা গৃহবধূ কাশ্মীরা শেখ। ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে দিনমজুর পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় ব্যাগের কাজ করেন। কোনোমতে তাঁদের সংসার চলে। শুক্রবার গ্যাস বুকিংয়ের পর ব্যাংকে অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে কাশ্মীরা দেখেন, তাঁর অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে। হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। কাশ্মীরা জরির কাজ করেন। এরপর বিষয়টি নিয়ে কাশ্মীরা ও তাঁর স্বামী স্থানীয় জামতলা শাখায় ওই বাংকে যান।
তাঁদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে বাড়ি ফিরে যেতে বলেন। কোনো কথা শোনেননি তাঁরা। কাশ্মীরা বলেন, বর্তমানে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থ তুলতে পারছেন না তাঁরা। কীভাবে এই টাকা অ্যাকাউন্টে এল, কেন লেনদেন বন্ধ হয়ে গেল এবং সমস্যার সমাধান কোথায় মিলবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে রয়েছেন কাশ্মীরা শেখ ও তাঁর পরিবার।