জয়পুর: অশালীন আচরণের প্রতিবাদ করায় চরম হেনস্তার শিকার হলেন অসমের এক মহিলা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। অভিযোগ, ওই মহিলাকে জাত তুলে গালাগালি দেওয়া হয়। এমনকি যৌন হেনস্তাও করা হয়। সেখানেই বিষয়টি থেমে থাকেনি। ওই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। তাঁকে এবং তাঁর সন্তানকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। নির্যাতিতা যে আবাসনে থাকেন, সেখানকারই এক বাসিন্দা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আবাসনের লিফটের সিসি ক্যামেরায় হেনস্তার ভিডিয়োও ধরা পড়েছে। ঘটনায় সরব হয়েছে অসম অ্যাসোসিয়েশন জয়পুর। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে তারা। অসমের ওই মহিলার স্বামী কানাড়া ব্যাংকের কর্মী। গত আট মাস ধরে জয়পুরের আদিনাথ নগরের একটি কমপ্লেক্সে বসবাস করছেন তাঁরা। গত ৩১ অক্টোবর ওই মহিলা আবাসনের ছাদে কাপড় শুকোতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় আবাসনেরই এক বাসিন্দা তাঁর উদ্দেশে অশালীন আচরণ করে। মহিলা তাঁর প্রতিবাদ করতেই শুরু হয় গোলমাল। প্রথমে ওই মহিলার উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। এরপর ওই বাসিন্দার স্ত্রীও লিফটের মধ্যে ওই মহিলার গলা টিপে ধরে মারধর করে। সেই সময়ই তাঁকে নগ্ন করে হাঁটানো ও খুনের হুমকি দেয় অভিযুক্ত দম্পতি। ঘটনায় বিন্দায়াকা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



