Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, কোর্টের নির্দেশে মামলা দায়ের

ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বণ্টন সংস্থার ভূমিকা নিয়ে আদালতের নির্দেশে মামলা দায়ের হল। বিদ্যুৎ বণ্টন সংস্থার গাফিলতির কারণে পটাশপুর থানার খাড় গ্রামে এক সপ্তাহ ধরে তার ছিঁড়ে পড়েছিল বলে অভিযোগ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, কোর্টের নির্দেশে মামলা দায়ের
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বণ্টন সংস্থার ভূমিকা নিয়ে আদালতের নির্দেশে মামলা দায়ের হল। বিদ্যুৎ বণ্টন সংস্থার গাফিলতির কারণে পটাশপুর থানার খাড় গ্রামে এক সপ্তাহ ধরে তার ছিঁড়ে পড়েছিল বলে অভিযোগ। সেই কাটা তারের সংস্পর্শে কল্পনা শীট নামে এক মহিলার মৃত্যু হয়। বিদ্যুৎ বণ্টন সংস্থার পটাশপুরের স্টেশন ম্যানেজারের নজরে আনা সত্ত্বেও সময়মতো লাইন সারানো হয়নি বলে অভিযোগ। এনিয়ে কল্পনাদেবীর পরিবার পটাশপুর থানা এবং এসপি অফিসের দ্বারস্থ হওয়ার পর অভিযোগ নথিভুক্ত হয়নি। শেষমেশ আদালতের শরণাপন্ন হন। কাঁথি এসিজেএম আদালত এনিয়ে অবিলম্বে পটাশপুর থানার পুলিশকে এফআইআর করে তদন্তের নির্দেশ দেয়। সেইমতো ওই থানায় ১নভেম্বর এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গত ২৯জানুয়ারি পটাশপুর থানার খাড় গ্রামে হাইটেনশন লাইন ছিঁড়ে মাঠে পড়েছিল। এলাকার লোকজন বিষয়টি পটাশপুর স্টেশন সাপ্লাই অফিসে ফোন করে জানান। ছিঁড়ে পড়া তার থেকে বিপদ হতে পারে বলে ফোন করে জানানো হয়। অভিযোগ, বিষয়টি বিদ্যুৎ বণ্টন সংস্থার নজরে আনার পরও সেই ছিঁড়ে থাকা তার মেরামত করা হয়নি। এরপর ৪ফেব্রুয়ারি ওই মাঠে গিয়ে ছিঁড়ে থাকা সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই মহিলা। বণ্টন সংস্থার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও সেই কথা রাখা হয়নি বলে অভিযোগ।
গত ২২জুলাই মৃত কল্পনা শীটের ছেলে শিবনাথ এনিয়ে অভিযোগ জানাতে পটাশপুর থানায় যান। কিন্তু, পুলিশ অভিযোগ নেয়নি। এরপর ২৪জুলা‌ই এসপি অফিসে ডাকযোগে অভিযোগের কপি পাঠান। তারপরও এফআইআর রুজু হয়নি। এরপর ১১আগস্ট কাঁথি এসিজেএম কোর্টে মামলা করেন। সেই মামলায় আদালত এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে। বণ্টন সংস্থার গাফিলতির অভিযোগ নিয়ে তদন্ত করবে পুলিশ। অভিযোগকারী শিবনাথ শীট বলেন, মাঠের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সেটি সময়মতো বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজারের নজরে আনা হয়। তা সত্ত্বেও ছিঁড়ে থাকা তার জোড়া লাগানো হয়নি। দুর্ভাগ্যবশত সেই তারে আমার মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বণ্টন সংস্থার এই গাফিলতির বিরুদ্ধে আমি থানা এবং এসপির দ্বারস্থ হলেও এফআইআর নেওয়া হয়নি। তাই আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কোর্ট ওই ঘটনায় এফআইআর দায়েরের নির্দেশ দিতেই ১নভেম্বর পটাশপুর থানার পুলিশ এফআইআর করেছে। তাতে আমার মায়ের মৃত্যুর জন্য পটাশপুরের স্টেশন ম্যানেজারের ভূমিকাকে দায়ী করা হয়েছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার পটাশপুর স্টেশনের ম্যানেজার পৃথ্বীশ দে বলেন, ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল এটা ঠিক। এনিয়ে একটা মামলা দায়ের হয়েছে। তবে, তার ছিঁড়ে কয়েকদিন পড়েছিল বলে যেটা দাবি করা হচ্ছে সেটা ঠিক নয়। তার ছিঁড়ে থাকলে এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। এভাবে দিনের পর দিন তার ছিঁড়ে পড়ে থাকে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ