সংবাদদাতা, মানবাজার: নলকূপের সোকপিট তৈরির জন্য খোড়া গর্ত থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যে ছড়াল এলাকায়। বৃহস্পতিবার পুরুলিয়ার কেন্দা থানার কামতা জাঙ্গীদিরি অঞ্চলের কুদা গ্রামের ঘটনা। পুলিস জানিয়েছে মৃত বৃদ্ধার নাম সরলা শবর (৬৫)। তার বাড়ি শবর পাড়ায়।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত্রে ওই মহিলা বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাত্রে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বৃহস্পতিবার সকালে গ্রামের নলকূপের পাশে একটি গর্তের জলে ওই বৃদ্ধাকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিসে। খবর পেয়ে কেন্দা থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে। এপরেই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিস।
গ্রামবাসীরা জানায়, ওই গ্রামের নলকূপের জল যাতে এদিক-ওদিক না যায় সেজন্য পঞ্চায়েত থেকে শকপিট তৈরির পরিকল্পনা ছিল। শকপিট তৈরির জন্যই নলকূপের পাশে গর্ত তৈরি করা হয়েছিল। এক মাসের বেশি সময় ধরে ওই গর্তটি খোলা অবস্থায় রয়েছে বলে দাবি গ্রামবাসীদের। চারপাশে কোন বেড়াও নেই। বুধবার বিকেলে বৃষ্টিপাতের ফলে ওই গর্তে কিছুটা জল জমে। স্থানীয়দের অনুমান ওই বয়স্ক মহিলা রাত্রে কোনওভাবে সেই গর্তে পড়ে যান। এরপরেই গর্তের জমা জলে ডুবে তাঁর মৃত্যু হয়। এ নিয়েই ক্ষোভ জমেছে বাসিন্দাদের মনে।
এতদিন ধরে খোলা অবস্থায় কেন রয়েছে গর্তটি সে নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। খোলা গর্তের চারপাশে কোন বেড়া দেওয়া হয়নি কেন এ নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।