Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় মহিলাকে কোপ, অভিযুক্ত অধরা

ফের আক্রান্ত মহিলা। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি শিলিগুড়ি শহরের খালপাড়ায় ঘটে। অভিযোগ, শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র নিয়ে ওই মহিলার উপর হামলা চালায় তাঁর প্রতিবেশী যুবক।

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় মহিলাকে কোপ, অভিযুক্ত অধরা
  • ১৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের আক্রান্ত মহিলা। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি শিলিগুড়ি শহরের খালপাড়ায় ঘটে। অভিযোগ, শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র নিয়ে ওই মহিলার উপর হামলা চালায় তাঁর প্রতিবেশী যুবক। শুক্রবার পর্যন্ত অভিযুক্ত অধরা। এই ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ওই ঘটনা নিয়ে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। 
শহরের খালপাড়ায় ওই মহিলার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময় তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় প্রতিবেশী এক যুবক। রাজি না হলে উভয়ের মধ্যে কথা কাটাকাকি শুরু হয়। এক-দু’কথায় উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয় অভিযুক্ত। আক্রান্ত মহিলা শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দেহের ন’টি জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। বেশ কয়েকটি জায়গায় সেলাইও পড়েছে। 
ঘটনার প্রাথমিক তদন্তের পুলিস চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যৌনকর্মী হিসেবে পরিচিত। তাঁর তিন ছেলেমেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর প্রতি আকৃষ্ট অভিযুক্ত। ওই রাতে রাস্তায় মহিলাকে একা পেয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। যৌন তৃপ্তি মেটানোই ছিল অভিযুক্তের উদ্দেশ্য। সম্ভবত তাতে সফল না হয়েই সে ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। 
এলাকাটি শহরের ৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের পিন্টু ঘোষ বলেন, রাতেই ঘটনাস্থলে যাই। ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসাধীন ওই মহিলা সুস্থ রয়েছেন। তবে ঘটনাটি কোনওভাবেই মানা যায় না। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার দাবি পুলিসের কাছে জানানো হয়েছে। 
অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের একাংশ পুলিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিস ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না বলেই অভিযুক্ত এখনও অধরা। পুলিস অবশ্য অভিযোগ মানতে নারাজ। পুলিস জানিয়েছে, অভিযুক্ত অনেকদিন আগেই অপরাধ জগতে পা রেখেছে। এরআগে মারপিট, মদ্যপ অবস্থায় এলাকায় উত্তেজনা ছড়ানো সহ বিভিন্ন ধরনের অভিযোগে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। এবারও অভিযুক্তকে শীঘ্রই ধরা হবে। সম্ভবত শহরের আশপাশে কোথাও গা ঢাকা দিয়েছে। 
এর একদিন আগে বুধবার রাতে ভক্তিনগর থানার উত্তর সমরনগরে এক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগ, স্কুটার পার্কিং নিয়ে বিরোধের জেরে তাঁকে মারধর করে এক অটোচালক। বৃহস্পতিবার অটোচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত এখনও অধরা। শহরে এ ধরনের নারী নির্যাতনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। পুলিস জানিয়েছে, নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ