লন্ডন: অ্যাসেজে খেলতে চান প্রবলভাবে। তাই কাঁধের হাড় সরে গেলেও অস্ত্রোপচারের কথা ভাবছেন না ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। সার্জারি করলে তাঁর পক্ষে বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। সেজন্যই তিনি বিকল্প হিসেবে রিহ্যাবকে বেছে নিচ্ছেন। বিবিসি স্পোর্টসকে ওকস বলেছেন, ‘আমি এখন স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছি। কতটা ক্ষতি হয়েছে কাঁধে, সেটা বিস্তারিতভাবে জানতে চাই। আমার মনে হয়, সামনে দুটো পথ খোলা রয়েছে। হয় অস্ত্রোপচার বা রিহ্যাব। ভালো রিহ্যাবের মাধ্যমে দ্রুত মাঠে ফেরাই লক্ষ্য। তবে রিহ্যাব করলে পুনরায় সমস্যা হওয়ার আশঙ্কা থেকেই যায়। আমি অবশ্য অ্যাসেজে খেলার জন্য সেই ঝুঁকি নিতে প্রস্তুত।’
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন ওকস। ওভাল টেস্টে আর বল করতে পারেননি তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটও করেননি। দ্বিতীয় ইনিংসে অবশ্য টানটান নাটকীয়তার মধ্যে সোয়েটারের মধ্যে চোট পাওয়া বাঁ হাত ভরে ব্যাট করতে নামেন তিনি। কোনও বল যদিও খেলতে হয়নি তাঁকে। তবে খুচরো রানের সময় দৌড়তে হচ্ছিল। ইংল্যান্ড হারলেও প্রশংসিত হয় ওকসের এই সাহসী মনোভাব। ওকস বলেছেন, ‘ফিজিও এবং বিশেষজ্ঞদের থেকে যা শুনেছি, তাতে সার্জারি করলে সুস্থ হতে মাস চারেক লাগবে। তখন অ্যাসেজ শুরু হয়ে যেতে পারে। ফলে এটা আমি চাইছি না। আর রিহ্যাব করলে আট সপ্তাহ সময় লাগতে পারে। সেজন্যই সেই পথ বেছে নেওয়া।’