Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আপনি’ ছাড়া বাংলায় হবেই না আপনার জমি-বাড়ি রেজিস্ট্রেশন

আপনার জমি বিক্রি হয়ে গিয়েছে, আপনিই জানেন না! যখন জানতে পারলেন, তত দিনে অন্যের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে আপনার জমি।

‘আপনি’ ছাড়া বাংলায় হবেই না আপনার জমি-বাড়ি রেজিস্ট্রেশন
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: আপনার জমি বিক্রি হয়ে গিয়েছে, আপনিই জানেন না! যখন জানতে পারলেন, তত দিনে অন্যের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে আপনার জমি। সাম্প্রতিক অতীতে এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। এই ধরনের ‘পুকুর চুরি’ ঠেকাতে রেজিস্ট্রির সময় জমির মালিকের মোবাইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা চালু করেছিল রাজ্যের পূর্বতন সরকার। কিন্তু, সেই ব্যবস্থা খুব একটা কার্যকরী হয়নি বলেই খবর। তাই কী উপায়ে এই জমি জালিয়াতিতে পাকাপাকি ইতি টানা যায়, তা খুঁজে বার করতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল রাজ্য। অবশেষে মিলেছে সমাধান! সৌজন্যে সামান্য একটি মোবাইল অ্যাপ, যেটির নাম দেওয়া হয়েছে ‘আপনি’। এই অ্যাপই যাচাই করে দেবে, রেজিস্ট্রি অফিসে আসা ক্রেতা এবং বিক্রেতার পরিচয়। যাচাই সম্পূর্ণ হলে তবেই শুরু হবে রেজিস্ট্রির মূল পর্ব। কেউ বিক্রেতা সেজে অন্যের সম্পত্তি বিক্রি করতে গেলেই ধরা পড়বে রেজিস্ট্রি অফিসের মধ্যেই। বন্ধ হবে অসাধু চক্রের রমরমা। 

Advertisement

নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে বিধাননগরে চালু হবে এই অ্যাপ। দু’সপ্তাহের ‘ট্রায়াল রান’-এর পর রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু করার টার্গেট নিয়েছে অর্থদপ্তরের অধীন ‘ডাইরেক্টরেট অব স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন’। সেক্ষেত্রে দুর্গাপুজোর আগেই রাজ্যবাসী এই অ্যাপের সুবিধা পেতে শুরু করবে। 
কীভাবে কাজ করবে এই অ্যাপ? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রির আবেদন করলেই একটি কোয়্যারি বা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে ক্রেতা-বিক্রেতা উভয়কে। তখনই প্রথম পর্যায়ের আধার যাচাই হয়ে যাবে। ক্রেতা ও বিক্রেতাকে নিজ নিজ মোবাইলে ডাউনলোড করতে হবে ‘আপনি’ অ্যাপ। জনগণের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপটি মাত্র ৪ এমবির করা হয়েছে। ফলে মোবাইলে খুব বেশি জায়গাও নেবে না। সেই সঙ্গে অ্যাপটিকে ‘ইউজার ফ্রেন্ডলি’ করা হয়েছে। খুব সহজেই ব্যবহার করতে পারবেন যে কেউ। ডাউনলোড করা অ্যাপে কোয়্যারি নম্বর দিয়ে ক্রেতা বা বিক্রেতা নিজের সামনে মোবাইল ফোন ধরে চোখের পাতা দু’বার ফেললেই বার্তা যাবে রাজ্যের নির্দিষ্ট পোর্টালে। সেই মেসেজ একমাত্র দেখতে পাবেন রেজিস্ট্রার বা রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্ট আধিকারিক। রেজিস্ট্রির জন্য পূর্বনির্ধারিত দিনে রেজিস্ট্রি অফিসে বসেই গোটা প্রক্রিয়াটি করতে হবে। কারণ, ‘আপনি’ অ্যাপের ক্ষেত্রে ‘জিও-ফেন্সিং’ ব্যবস্থা থাকছে। ক্রেতা-বিক্রেতার পরিচয় এভাবে যাচাই হলে তবেই মিলবে রেজিস্ট্রির মূল পর্বের দিকে এগোনোর অনুমতি। অন্যথায় জমি-বাড়ি বিক্রির রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেখানেই থমকে যাবে। 
এদিকে, রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে পেপারলেস রেজিস্ট্রেশন এবং জমি-বাড়ি বিক্রির অনলাইন স্লট বুকিং পরিষেবা। প্রসঙ্গত, রাজ্য বাজেটে স্বচ্ছ এবং তথ্যপ্রযুক্তি নির্ভর রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছিল বর্তমান সরকার। এই সমস্ত উদ্যোগের ফলে জমি-বাড়ি রেজিস্ট্রেশন বাবদ রাজস্ব আদায়ও  বৃদ্ধি পাবে বলে নিশ্চিত সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ