Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচন আসতেই ফের রানাঘাটে প্রাকৃতিক তেল ও গ্যাসের প্রসঙ্গ, কটাক্ষ তৃণমূলের

২০২১ সালে তাঁবু গুটিয়ে চলে গিয়েছিল ওএনজিসি। পাঁচ বছর পর ফের ভোটের মুখে উঠল রানাঘাটে প্রাকৃতিক তেল ও গ্যাস থাকার কথা। এবার স্বয়ং কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ওই কথা সংসদে জানিয়েছেন।

নির্বাচন আসতেই ফের রানাঘাটে প্রাকৃতিক তেল ও গ্যাসের প্রসঙ্গ, কটাক্ষ তৃণমূলের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ২০২১ সালে তাঁবু গুটিয়ে চলে গিয়েছিল ওএনজিসি। পাঁচ বছর পর ফের ভোটের মুখে উঠল রানাঘাটে প্রাকৃতিক তেল ও গ্যাস থাকার কথা। এবার স্বয়ং কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ওই কথা সংসদে জানিয়েছেন। যা ভোটের ইস্যু করতে চাইছে বিজেপি। তবে এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে রানাঘাট সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রাকৃতিক তেল ও গ্যাসের উপস্থিতির কথা জানিয়েছেন পেট্রলিয়ামমন্ত্রী সুরেশ গোপী। ফলে তা নিয়ে ফায়দা তোলার সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিজেপি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাখঢাক না রেখেই জানিয়েছেন, তাঁরা আসন্ন নির্বাচনে এটাকে ভোটের ইস্যু করতে চলেছেন। 

Advertisement

যদিও রানাঘাট-২ ব্লকের চিহ্নিত ওই এলাকা তথা পূর্ণনগরের বাসিন্দারা জানিয়েছেন, ২০২০-’২১ সালেই এই তথ্য জানা গিয়েছিল। তখন যন্ত্রপাতি নিয়ে ঘাঁটি গেড়েছিল ওএনজিসি। কিছুদিন পর তারা তাঁবু গুটিয়ে চলে যায়। তারপর থেকে ওই জমিতে ফুল চাষ ছাড়া আর কিছুই হয়নি। স্মৃতি বলতে কেবল রয়েছে, এক ফালি রংচটা সাইনবোর্ড। উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝিতে লোকসভায় সাংসদ জগন্নাথবাবুর প্রশ্নের উত্তরেও পেট্রলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, রানাঘাট-২ ব্লকে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। তারপর বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ কেন একই প্রশ্ন শমীকবাবুর মুখে? 
স্থানীয় মানুষজন বলছেন, আগামী বছর বিধানসভা নির্বাচন। ভোট পাওয়ার জন্য বিজেপি এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে। তেল ও গ্যাসের সন্ধান পাওয়া চিহ্নিত জমির মালিক সাধন বিশ্বাস বলেন, ওএনজিসি  নিজেদের মতো কাজ করে চলে যায়। আমাকে কিছুই জানায়নি। দেশের স্বার্থে আমি জমি দিতেও তৈরি ছিলাম।
জগন্নাথবাবু বলেন, গত বছর লোকসভায় আমিও জিজ্ঞাসা করেছিলাম। রানাঘাট-২ ব্লকে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে বলে জানানো হয়। তা কবে তোলা হবে, সেই নিয়ে বিস্তারিত চর্চা চলছে। আগামী বিধানসভা নির্বাচনে অবশ্যই বিষয়টি আমাদের ইস্যু হবে। 
সাংসদের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, সামনে বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনী চশমা পরে খনিজ সম্পদ খুঁজছে। ২০২১ সালেই ওই ভাণ্ডার থেকে প্রাকৃতিক তেল ও গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হল না কেন? এতদিন তার ব্যবস্থা করলে জানতাম দেশের জন্য তারা ভাবছে। আসলে বিজেপি মানুষকে একই কুমির ছানা বারবার দেখিয়ে ভোট লুটছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ