নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর মাস সাতেকের মাথায় রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। কিন্তু ভোট কার্যত দোরগোড়ায় কড়া নাড়লেও নির্বাচনী প্রস্তুতিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। রাজ্য বিজেপির নতুন সভাপতি বাছাইয়ের পর প্রায় এক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত নয়া কমিটি গঠন করতে পারেনি দল। বরং এই ব্যাপারে বিশেষ কোনও দিশা খুঁজে পাচ্ছে না বাংলার গেরুয়া শিবির। বিজেপি সূত্রের দাবি, কতজন ‘আদি’ এবং কতজন ‘নব্য’পন্থীকে স্থান দিয়ে বঙ্গ বিজেপির নতুন টিম তৈরি হবে, তা নিয়েই যত আলোচনা। ভারসাম্য বজায় রাখতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে বঙ্গ বিজেপিকে। এই বিষয়ে সোমবার দলের এক শীর্ষ নেতা শুধু জানিয়েছেন, সবকিছুই দিল্লির নেতাদের হাতে। তাঁরা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, সোমবার বিজেপির রাজ্যসভা সদস্য শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন, বাংলায় মোট ৪৩ হাজার ৪৯৩ একর ডিফেন্স ল্যান্ড রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫৪০ একর জমিই জবরদখল হয়ে রয়েছে। এর মধ্যে বারাকপুরে জবরদখল হয়ে থাকা ডিফেন্স ল্যান্ডের মোট পরিমাণ ২.৩৭১৬ একর।



